নির্যাতনের কারণে বিজয়োৎসব ম্লান
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে বন্দী করে, নেতা-কর্মী ও দেশের মানুষকে জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা আঁকরে ধরে রাখতে চাইছে আওয়ামী লীগ। এ কারণে বিজয় দিবসের উৎসব আজ ম্লান হয়ে গেছে।বিজয় দিবস উপলক্ষে নগর বিএনপির এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আজ রোববার বিকেলে নাসিমন ভবনের সামনে মঞ্চ করে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আজ জুলুমের রাজত্ব চলছে। সরকারি দল দেশের মানুষকে গিনিপিগ বানিয়ে রেখেছে। তারা রক্তের হোলিখেলায় মগ্ন রয়েছে। দেশের মানুষের মনে শান্তি নেই। তাই বিজয় উৎসবে ভাটা পড়েছে।বিএনপি নেতা আবু সুফিয়ানসহ নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে আমীর খসরু বলেন, এসব নির্যাতনের বদলা একদিন মানুষ নেবে। সময় আর বেশি দিন নেই। তাই এখন তারা ভীত হয়ে এই নির্যাতন চালাচ্ছে।কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাসান মোহাম্মদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান প্রমুখ।