নির্যাতনের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন এসআই
‘ভাই, আমি আপনাকে মারধর করে, লাঠি মেরে ভুল করেছি। আপনিও আমাকে লাঠি মারেন। তবুও আমাকে ক্ষমা করে দিন। আগামীতে এ রকম আর কখনো করব না’—এভাবে গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে ট্রাকচালক ফরিদুল আলম করিমের কাছে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ক্ষমা চেয়েছেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আবদুল মাজেদ, মো. মহসিনসহ আরও অনেকের সামনে মোস্তাফিজ যখন ক্ষমা চাইছিলেন, আহত ট্রাকচালক করিম তখন হাসপাতালের শয্যায়। জেলা শহরের কাশেমপাড়ার এই ট্রাকচালক গত বুধবার রাতে চট্টগ্রাম থেকে সরকারি গুদামের চাল নিয়ে আসছিলেন। জেলা বাস স্টেশনের কাছাকাছি পাহাড়ের মোড়ে এসে পৌঁছালে এসআই মোস্তাফিজ তাঁকে গাড়ি থামানোর জন্য বলেন। কিন্তু বিপজ্জনক মোড়ে গাড়ি থামানো সম্ভব না হওয়ায় করিম গাড়ি সরাসরি গুদামে নিয়ে আসেন। করিম বলেন, ‘এআই মোস্তাফিজ গুদামে এসে আমার কাছে দুই হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে থানায় নিয়ে আসেন। সেখানে তিনি আমাকে বেদম মারধর করেন এবং বুট জুতা পরা অবস্থায় বুকে পিঠে লাথি মারেন। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরে এলে দেখি, আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’ করিমের স্ত্রী খতিজা বেগম ও শাশুড়ি গুলবাহার বেগম জানান, গতকাল ভোর রাতে পুলিশ করিমকে বাসায় দিয়ে গেছে। তখনও করিম নড়াচড়া করতে পারছিলেন না দেখে তারা আবারও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ পরিবারের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলে তাঁরা জানান। খাদ্যগুদাম থেকে করিমকে থানায় তুলে নিয়ে মারধর করার খবর জানাজানি হলে অনেকে করিমকে দেখার জন্য হাসপাতালে যান। দুপুরে বান্দরবান সদর থানার ওসি, দুই পৌর কাউন্সিলর, ট্রাকচালক সমিতির নেতারা হাসপাতালে যান। সেখানে তাঁরা ৩৮ নম্বর শয্যায় শুয়ে থাকা আহত করিমের কাছে এসআই মোস্তাফিজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। মোস্তাফিজ ক্ষমা চাওয়ার পর করিমের চিকিৎসার জন্য তাঁর শাশুড়ির হাতে এক হাজার ৫০০ টাকা দেন। চিকিৎসার সব খরচ তিনি বহন করবেন বলে জানান। পৌর কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মাজেদ বলেছেন, এসআই মোস্তাফিজ করিমের কাছে ক্ষমা চেয়েছেন এবং চিকিৎসার খরচ দিতে সম্মত হয়েছেন। এ জন্য করিমও তাঁর বিরুদ্ধে আর আইনগত ব্যবস্থা নেবেন না। ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এসআই মোস্তাফিজকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি বলেন, যে মুহূর্তে পুলিশকে জনগণের কাছাকাছি নেওয়ার জন্য চেষ্টা হচ্ছে, সে মুহূর্তে এ রকম কাজ করা ঠিক হয়নি।