নির্যাতনের পর পুলিশ দম্পতি পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাসায় নৃশংসতার শিকার রোমেলা খাতুনের (১০) অবস্থার উন্নতি হতে শুরু করেছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা।এদিকে এ ঘটনায় পাবনার সাঁথিয়া থানা রোমেলার বাবার একটি এজাহার গ্রহণ করে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পাঠিয়েছিল। সীতাকুণ্ড থানা আজ শনিবার বিকেলে এজাহারটি মামলা হিসেবে নিয়েছে। তবে এজাহার গ্রহণের পর থেকে পাবনার সাঁথিয়া থানা পুলিশ ওই দম্পতিকে খুঁজে পাচ্ছে না। সাঁথিয়া থানা পুলিশের দাবি, অভিযুক্ত পুলিশ দম্পতি পলাতক। তাঁদের দুজনের গ্রামের বাড়িতে গিয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ বলেন, গতকাল শুক্রবার রাতে রোমেলার বাবা মো. ইয়াজউদ্দিন থানায় হাজির হয়ে এজাহারটি দাখিল করেন। এজাহারে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমকে আসামি করা হয়। রাতেই একজন এসআই এজাহারটি নিয়ে সীতাকুণ্ড থানার উদ্দেশে রওনা হন। বিকেলে সীতাকুণ্ড থানা পুলিশ এজাহারটি গ্রহণ করে মামলা হিসেবে নথিভুক্ত করে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ আরও বলেন, ‘এজাহারটি গ্রহণের পর আমরা অভিযুক্তদের ধরতে গতকাল রাতে অভিযান চালিয়েছি। তবে শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমের পৈতৃক বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘটনা জানাজানি হওয়ার কারণে তাঁরা দুজন পলাতক।’এ প্রসঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডু থানার ওসি নূর মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলাটি গ্রহণ করেছি। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’মেয়েটির শারীরিক অবস্থা সম্পর্কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিত্সক (আরএমও) তরিকুল ইসলাম বলেন, ‘মেয়েটির শরীরের ঘা শুকাতে শুরু করেছে। ক্রমেই তার অবস্থার উন্নতি হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে বলে আমরা আশা করছি।’প্রসঙ্গত, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজউদ্দিন তাঁর মেয়ে রোমেলা খাতুনকে ওই পুলিশ দম্পতির বাসায় কাজে দিয়েছিলেন। পুলিশ দম্পতি মেয়েটির ওপর নৃশংস অত্যাচার চালিয়েছেন। পুলিশ কর্মকর্তার স্ত্রী সুইটি বেগম রুটি ছেঁকা গরম খুন্তি ও চামচ দিয়ে মেয়েটিকে পিটিয়েছেন। গরম পানি ও তরকারি ঢেলে তার শরীর পুড়িয়ে দিয়েছে। এতে তার মাথার চুল উঠে গেছে। মুখ, পিঠ, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে ঘা হয়েছে। পরে অসুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হলে পরিবারের সদস্যরা তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।