নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনায় চোখ ভিজে আসে সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শিশুসন্তানকে কোলের মধ্যে লুকিয়ে রেখে মা বলেছিলেন, ‘বিডিআর জওয়ানরা যখন আমাকে গুলি করে মারবে, তখন তুমি এভাবেই আমার বুকে লুকিয়ে থেকো। আমার রক্তে তোমার শরীর ভিজে যাবে, ওরা মনে করবে আমার সঙ্গে তুমিও মরে গেছ। ওরা চলে যাওয়ার পর তুমি পালিয়ে যেয়ো।’জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক মা তাঁর শিশুসন্তানকে কীভাবে আগলে রেখেছিলেন, আদালতের সামনে তারই মর্মস্পর্শী বর্ণনা দেন প্রসিকিউটর লে. কর্নেল এস এম এ আল মুঈদ। বিদ্রোহের সময় নির্যাতনের শিকার সেই মা বিডিআর হাসপাতালের চিকিৎসক লে. কর্নেল রোখসানা খানও আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউটর বলেন, বিদ্রোহের সময় হাসপাতালে চারজন চিকিৎসককে হত্যা করা হয়েছে। নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি নারী চিকিত্সকেরাও। নূর মোহাম্মদ স্কুলের ভেতরে মেজর মোশাররফ হোসেনকে গুলি করার পর তাঁর মগজ ছিটকে দেয়ালে লাগে। এ দৃশ্য দেখেছিলেন এক নারী চিকিৎসক। প্রসিকিউটর বলেন, চিকিৎসকদের ধর্ম-বর্ণ নেই। তাঁরা শত্রুদেরও সেবা দিয়ে থাকেন। যুদ্ধের সময়ও কেউ চিকিৎসকদের মারে না। কিন্তু সেদিন পিলখানায় মানুষরূপী হায়েনাদের হাত থেকে চারজন চিকিৎসক রক্ষা পাননি।রোখসানা খানসহ আরও অন্য নারী ও পুরুষ চিকিৎসকদের ওপর জওয়ানদের এমন নিষ্ঠুর নির্যাতনের মর্মস্পর্শী বিবরণ শুনে চোখ ভিজে আসে সবার। চোখের পানি সংবরণ করতে পারছিলেন না আদালতের সভাপতি ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামও। কয়েকবার রুমালে চোখ মুছতে দেখা যায় তাঁকে। পরে তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আবেগপ্রবণ হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এটা আমার উচিত হয়নি। আদালতের কার্যক্রম চলবে। আসলে বিডিআরের মহাপরিচালক আর আদালতের বিচারকের দায়িত্বটা আমি একসঙ্গে মেলাতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে।’গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর হাসপাতাল ইউনিটে কর্মরত ব্যক্তিরাও পিলখানার বিদ্রোহে জওয়ানদের সঙ্গে অংশ নিয়েছিলেন। দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ গতকাল বুধবার থেকে তাঁদের বিচার শুরু হয়েছে।গতকাল হাসপাতাল ইউনিটের নায়েক সুবেদার নান্নু মিয়া বিদ্রোহে জড়িত জওয়ানদের বিরুদ্ধে নানা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন। তিনি জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটে ২৫৬ জন সরাসরি বিদ্রোহে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে সুবেদার মেজর দুজন, সুবেদার চার, নায়েক সুবেদার ছয়, হাবিলদার ১৬, নায়েক ২৬, ল্যান্স নায়েক ২৭ ও সিপাহি ১৭৬ জন। অভিযুক্ত ব্যক্তিদের ৯০ জন সিআইডির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা ও কাশিমপুর কারাগারে আছেন। বাকি ১৬৬ জনকে তিনি নতুন করে গ্রেপ্তারের আবেদন জানান। আদালতের সভাপতি হাসপাতাল ইউনিটের সদস্যদের গ্রেপ্তারের আদেশ দিয়ে তাঁদের এবং কারাগারে থাকা আসামিসহ মোট ১৫৬ জনকে আজ সকাল ১০টায় আদালতে হাজির করার আদেশ দেন।হাসপাতাল ইউনিটের একজন বিদ্রোহী এখনো পলাতক। এ ছাড়া এ ঘটনায় জলিল নামের একজন ডিএডিও জড়িত। কিন্তু বিডিআরের আইনে ডিএডির বিচারের কোনো সুযোগ নেই। আদালতের সভাপতি এ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘একজন ডিএডি মূল পরিকল্পনার সঙ্গে জড়িত থাকলেও আমি তাঁর বিচার করতে পারছি না আইনি বাধার কারণে।’গতকাল সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রমের শুরুতেই বাদী নায়েক সুবেদার নান্নু মিয়া (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) বিদ্রোহের ঘটনার বর্ণনা দিয়ে আসামিদের নাম পড়েন। আসামি হিসেবে বাদী ২৫৬ জনের নাম উল্লেখ করেন। কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ, তা তিনি তুলে ধরেন।নান্নু মিয়া বলেন, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবারে উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন। ১৬ জন অধিনায়কের আদেশ অমান্য করেন। ১৬ জন কোনো ভয়ভীতির মধ্যে না থেকেও নিজের ইউনিটের কর্মকর্তাদের বাঁচাতে কোনো সহায়তা করেননি। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন কোত ও ম্যাগাজিন ভেঙে অস্ত্র, গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। নয়জন হাসপাতালে ওয়ার্ডের রোগীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং বিদ্রোহে ইন্ধন দেন। চারজনের বিছানার নিচ থেকে গোলাবারুদ ও লুট করা স্বর্ণালংকার পাওয়া যায়। এ ইউনিটের ১৪ জন লাশ গুমে সহায়তা করেন। এ ছাড়া তিনি আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। তাঁদের মধ্যে তোরাব আলী ও মনোরঞ্জনের নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁরা লাশ গুম করতে নেতৃত্ব দিয়েছেন। তাঁরা হাসপাতালের লাশঘরের চাবি নিয়ে দুটি লাশ রাখার স্থানে নয়টি লাশ রাখতে বাধ্য করেছিলেন। নায়েক মতিউর গণমাধ্যমের সামনে ডিএডি তৌহিদকে বিডিআরের মহাপরিচালক করার প্রস্তাব করেছিলেন। হাসিবুর রহমান চৌধুরী ও শাহ আলম লাল পতাকা মাথায় বেঁধে ঘুরে বেড়ান। হাবিলদার হুমায়ুন কবির বুলেটপ্রুফ জ্যাকেট পরে এসএমজি, পিস্তল ও গ্রেনেড নিয়ে মহড়া দিয়েছিলেন। তিনি ভয় দেখিয়ে সিপাহি হাশিমকে লাশঘরের চাবি দিতে বাধ্য করেন।নান্নু মিয়া বলেন, সিপাই মাসুদ ওই দিন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সাদা কাগজে দাবি-দাওয়া লিখে ১ নম্বর গেটের সামনে বিতরণ করেন। আদালতের সভাপতি জানতে চান, রোগী হয়ে এটা কী করে সম্ভব? পরে তিনি নিজেই বলেন, একজন সিপাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে যমুনায় (প্রধানমন্ত্রীর তত্কালীন বাসভবন) গিয়ে সমঝোতা বৈঠক করেছেন। আবার ফিরে এসে হাসপাতালে উঠেছেন। ২৫ ফেব্রুয়ারি এ রকম অনেকে ভুয়া ভর্তি হয়েছিলেন।বাদীর বক্তব্যের পর আদালতের প্রসিকিউটর লে. কর্নেল এস এম এ আল মুঈদ বক্তব্য দেন। তিনি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, চিকিৎসক কারও শত্রু হতে পারেন না। তাঁর কাজ মানুষের সেবা করা। বিদ্রোহীরা সেই চিকিৎসকদেরও ক্ষমা করেনি। বিদ্রোহের সময় বিডিআরের চিকিৎসক ব্রিগেডিয়ার জাকির হোসেন, লে. কর্নেল কাজী রবি রহমান, লে. কর্নেল লুত্ফর রহমান ও মেজর এস এম মামুনুর রহমানকে গুলি করে খুন করা হয়।প্রসিকিউটর বলেন, বিদ্রোহীরা হাসপাতাল ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আবদুস সালামকে ধরে নিয়ে গুলি করার চেষ্টা করে। সিপাহি রুহুল আমীন তাঁকে ঝুঁকি নিয়ে বাঁচান। আরেক চিকিৎসক ইকবাল হাসানের সামনে চারজনকে গুলি করে খুন করা হয়। তাঁদের বুকফাটা আর্তনাদ তিনি শুনেছিলেন। তিনি লাশের ভেতরে রক্ত মেখে শুয়ে ছিলেন। সবাই ভেবেছিল, তিনি মারা গেছেন। চিকিৎসক হুসাইন আহমেদের চোখ বুটের আঘাতে নষ্ট হয়ে গেছে। চিকিৎসক আমজাদ হোসেনের স্ত্রী রুনা লায়লার পেটে গুলি করে আহত অবস্থায় তাঁকে বাসায় ফেলে রাখে। তারা একটি অ্যাম্বুলেন্স পাঠাতে দেয়নি। পরে তাঁকে হাসপাতালে এনে বাঁচানো হয়। লে. কর্নেল ফরহাদের স্ত্রী রোখসানাকে টেনেহিঁচড়ে মেস থেকে বের করে আটকে রাখা হয়। তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, ‘মেডিকেল সহকারী নজরুল অস্ত্র হাতে হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে ঘুরে বেড়ান। হাসপাতাল ইউনিটেরই আরেক কর্মচারী ডিএডি জলিল সাঁজোয়া যানে করে ভেতরে ঘুরে বেড়ান। কিন্তু তাঁকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারিনি।’প্রসিকিউটর বলেন, দরবার হলে সেনা কর্মকর্তাদের বিডিআর সদস্যরা জিম্মি করলে সেখানে অবস্থানরত চারজন মহিলা কর্মকর্তাকে বিডিআর সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যান। দরবার হল থেকে গাড়ি ছেড়ে দেওয়ার সময় লে. কর্নেল লুত্ফর রহমান ও লে. কর্নেল কাজী রবি রহমান দৌড় দেন। তাঁরা গাড়ির পেছনের হাতল ধরে চিত্কার করে বলতে থাকেন, ‘আমরা ডাক্তার, আমাদের সঙ্গে নাও।’ দুজন বিডিআর জওয়ান ওই দুই চিকিৎসককে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেন। চারজন মহিলা কর্মকর্তাকে নিয়ে গাড়ি চলে যায় কোয়ার্টার গার্ডের দিকে।প্রসিকিউটর বলেন, নায়েব সুবেদার হুমায়ন কবীর সেনা কর্মকর্তাদের লাশ পুড়িয়ে ফেলার জন্য হাসপাতাল থেকে স্পিরিট সংগ্রহ করার চেষ্টা করেন। তিনি সবাইকে বলেন, ‘আমাকে স্পিরিট দাও, লাশ পুড়িয়ে ফেলব।’ এ সময় হাসপাতালের কর্মচারীরা তাঁকে জানান, এ স্পিরিট দিয়ে লাশ পোড়ানো যায় না, এটা শুধু কাটা-ছেঁড়ায় ব্যবহার করা যায়।প্রসিকিউটরের বক্তব্যের পর আদালতের সভাপতি বলেন, ‘আদালত প্রতিশোধের জায়গা নয়, সুবিচারের স্থান। যাঁরা সেদিন নিগৃহীত হয়েছিলেন, তাঁরা আজ আদালতে উপস্থিত আছেন। তাঁরা ন্যায়বিচার পাবেন। তবে মহাপরিচালক হিসেবে আমার কাছে এটা চ্যালেঞ্জ বলেই মনে হচ্ছে। আমাদের সৈনিকদের গ্রেপ্তারের আদেশ আমাকেই দিতে হচ্ছে। তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি পিলখানায় যা হয়েছে, তা হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আর একাত্তরে। এর সঙ্গে পাক হানাদারদেরই তুলনা চলে।’প্রসিকিউটরের বক্তব্য শোনার পর বেলা সাড়ে ১১টার দিকে বৃহস্পতিবার পর্যন্ত আদালত মুলতবির আদেশ দেওয়া হয়। জয়পুরহাটে বিডিআর সদস্যদের হাজিরা: জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে করা মামলার আসামিদের গতকাল বুধবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১০টায় ১৯ জন বিডিআর সদস্য আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জেলা ও দায়রা জজ সফিউর রহমানের অনুমতি নিয়ে তাঁদের দীর্ঘ হাজতবাসের কষ্টের বর্ণনা দিয়ে তাঁরা তাঁদের দ্রুত বিচার দাবি করেন।গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি আমলে নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির আগামী ২২ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। বিডিআর সদস্য আফজাল হোসেন ও আবদুল করিম আদালতের অনুমতি নিয়ে বিচার শেষে আপিল করার সুযোগ দেওয়ার দাবি জানান।জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে ২০ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করলে তাঁদের গ্রেপ্তার করে জয়পুরহাট জেলা কারাগারে রাখা হয়েছে। সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন করায় মামলাটির ধার্য তারিখ পড়েছে।