নির্যাতনের শিকার নারীদের কথা
নির্যাতনের শিকার একজন নারী শুধু শারীরিকভাবেই নয়, হচ্ছেন সামাজিক, অর্থনৈতিক, মানসিক ও যৌন নির্যাতনেরও শিকার। অনেক নারী এসব নির্যাতন কোনো প্রতিবাদ না করে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছেন নীরবে। শুধু বিবাহিত নয়, অবিবাহিত নারীরাও পথেঘাটে, কর্মস্থলে এমনকি যে নীড়ে (গৃহে) তিনি থাকেন সেখানেও শিকার হচ্ছেন এ ধরনের নির্যাতনের। অনেক নারী জানেনই না এ ধরনের নির্যাতনের শিকার হলে তিনি কী প্রতিকার পাবেন অথবা আদৌ আইনের আশ্রয় নিতে পারবেন কি না। এ রকম নির্যাতনের শিকার তিনজন নিম্ন মধ্যবিত্ত নারীর আইনি সহায়তা বিষয়ে পরামর্শ দিয়েছেন আইনজীবী এবং মানবাধিকার কর্মী এলিনা খান।ঘটনা-১ঢাকার খিলগাঁওয়ে বসবাসরত রাহিমা (২৩) বিয়ে করেন নিজের পছন্দের মানুষটিকে। তৈরি পোশাকশিল্পে কাজের সূত্র ধরে তাঁদের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে বিয়ে এবং অতঃপর সন্তান। বিয়ের আগে তিনি যে মানুষটিকে চিনতেন বিয়ের পর সে মানুষটি যেন একেবারে বদলে গেলেন। বিয়ের আগে যার যৌতুকের টাকার দাবি ছিল না। বিয়ের পর তাঁর শাশুড়ি এটা তাঁদের এলাকার রেওয়াজ বলে যৌতুকের জন্য তাঁর স্বামীকে চাপ দিলে স্বামী তাঁকে এখনো যৌতুকের জন্য মারধর করেন। ‘আমার বাচ্চাডা যখন প্যাটে হেই সময়েও আমারে এমন মাইর মারছে যে আমার পরথম বাচ্চাডা নষ্ট হইয়্যা গ্যাছে। আমার বাপ-মা খুব গরিব, এত ট্যাহা হেরা কোন জায়গায় পাইব। পরের বাচ্চাডা জন্মাইলে আমারে আর কামে যাইতে দেই নাই। জোর কইর্যা কামে যাওন ছাইড়্যা দিতে বাধ্য কইরছে। অনেক কষ্ট কইর্যা ১০ হাজার ট্যাহা দিছি, তাতে কিছু হয় নাই। কয়দিন পরপর আরেকটা বিয়া করার ডর দেহায়।’ বলছিলেন রাহিমা। মাঝেমধ্যে চাকরির দোহাই দিয়ে অনেক দিন পরপর তাঁর কাছে আসেন। সংসারে টাকার প্রয়োজন হলে টাকাও দেন না ঠিকমতো। তবে ভয়ে তিনি তাঁর স্বামীকে কিছু জিজ্ঞাসা করার সাহস পান না, যদি তাঁকে ছেড়ে দেয়। তাঁর সন্দেহ, তাঁর স্বামীর অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক আছে। তার নিজের শরীরের অবস্থাও তেমন ভালো নয়। একবার বাচ্চা নষ্ট হওয়ার কারণে তাঁর জরায়ুতে সমস্যা হয়েছে। ফলে ভারী কোনো জিনিস নিয়ে চলাফেরা করতে ডাক্তার তাঁকে নিষেধ করেছেন। কিন্তু কী করা, প্রতি বেলায় বাসার নিচে থেকে কলসিতে করে পানি টেনে ওপরে আনতে হয়। তবুও সহ্য করে যাচ্ছেন তিনি। কী করবেন, কোথায় যাবেন ভেবে পান না। তবে যৌতুকের টাকা দেওয়ার জন্য আবার গার্মেন্টসের কাজে যোগ দেবেন বলে ঠিক করেন তিনি। পরামর্শএকবার যৌতুক দিলে লোভ হয়ে যাবে আপনার শাশুড়ি ও স্বামীর। এ পরিবারটি যৌতুক পেলেও আপনাকে আবার যৌতুকের টাকার জন্য চাপ দেবে কিছুদিন পর পর। সে ক্ষেত্রে যৌতুকের জন্য প্রায়ই আপনাকে মারধর করলে আপনি স্থানীয় থানায় গিয়ে ‘যৌতুক নিরোধ আইন, ১৯৮০’ অথবা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩)’ অথবা ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’-এ আপনার শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এ আইনগত ব্যবস্থা নিয়ে দেখতে পারেন আপনার শাশুড়ি অথবা স্বামীর অবস্থা আগের থেকে ঠিক হয় কি না। যদি একেবারে আপনার স্বামীর অবস্থার কোনো পরিবর্তন না হয় তবে আপনি তাঁকে তালাক দিয়ে দেনমোহরানা আর ভরণপোষণের টাকা দাবি করতে পারেন।ঘটনা-২তিন ভাইবোনের মধ্যে সবার বড় বোন সুফিয়া (১৭)। কাজের খোঁজে ঢাকায় আসেন সুফিয়া। তেজগাঁওয়ে একটি আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে পরিচয় হয় তাঁরই সহকর্মীর সঙ্গে। বিয়ের আশ্বাস দিয়ে অনেকটা জোর করে একদিন তাঁর সেই সহকর্মী শারীরিক মেলামেশায় বাধ্য করে, যার ফলে সুফিয়া গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু ছেলেটিকে জানালে তিনি তাঁর এ গর্ভবতী হওয়াকে মেনে নেন না। বাচ্চা নষ্ট করে ফেলতে বলেন সুফিয়াকে। কী করবেন সুফিয়া ভেবে পান না। কারণ, কোথায় যে গর্ভপাত করা হয় তা তিনি জানেন না। আবার নিজের পরিবারকেও সাহস করে বলতে পারছেন না। এক ধরনের মানসিক অশান্তিতে আছেন তিনি। সমাজে জানাজানি হয়ে গেলে তাঁর পরিবারের মানসম্মান থাকবে না, আবার অন্য বোনগুলোর বিয়ে হতে কষ্ট হবে।পরামর্শঅবিলম্বে আপনাকে আপনার সন্তানের বিষয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর আপনার সেই সহকর্মী যদি আপনাকে এবং আপনার অনাগত সন্তানকে এখন অস্বীকার করে, বিয়ে করতে রাজি না হয়, তাহলে আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩) এ মামলা করতে পারেন। প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে আইনগত সহায়তা নিতে পারেন। এ ছাড়া তেজগাঁও মডেল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন আপনার সহকর্মীর বিরুদ্ধে। আবার জাতীয় মহিলা সংস্থা অথবা যেকোনো এনজিও যারা নারীদের আইনগত সহায়তা দিয়ে থাকে সেসব স্থানে গিয়ে আপনি আইনগত সহায়তা নিতে পারেন।ঘটনা-৩ঘরে সৎমা থাকায় অনেকটা জোর করেই খুব অল্প বয়সে সীমার (২০) বিয়ে হয়ে যায়। কিন্তু স্বামীকে তাঁর পছন্দ না হলেও বিয়ের পর সব মেনে নিয়েই ঢাকায় চলে আসতে হয়েছে তাঁকে। হয়েছেন এক কন্যাসন্তানের জননী। কিন্তু সমস্যা হয়েছে, এলাকার কোনো লোক বা তাঁর আশপাশের অন্য কোনো পরিবারের সঙ্গে কথা বললে তাঁর স্বামী সেটা পছন্দ করেন না। প্রয়োজনে যদিও বা কারও সঙ্গে কথা বলেন আর তাঁর স্বামী যদি টের পেয়ে যান সেদিন আর মারধরের হাত থেকে রক্ষা নেই। এমনকি বাবার বাড়ি যেতে কিংবা বাবার বাড়ির কোনো আত্মীয়স্বজনের সঙ্গে মোবাইলেও যোগাযোগ করতে বাধা দেন তাঁকে। ‘ঝগড়া বা রাগ হইলে মাঝে মাঝে আমারে বাইরের মাইনষের সামনে গালিগালাজ করে, মারে। আমার তহন খুব খারাপ লাগে কিন্তু কিছু কইতে পারি না। সবকিছু ঠিকঠাকমতো না অইলে মাইর দেয়। আবার বাপের বাড়ি যাওনের কথা কইলে আরও মারে। হের পরও মুখ বুইজ্যা পইড়্যা আছি। কিন্তু আর সইতে পারতাছি না।’ এভাবেই স্বামীর নির্যাতনের কথা বলছিলেন সীমা। পরামর্শআপনি যেকোনোভাবে হোক আপনার বাবা-মাকে আপনার স্বামীর অত্যাচারের কথা জানান আপনাকে উদ্ধার কিংবা মীমাংসা করার জন্য। আপনার পরিবার থেকে কোনো সহায়তা না পেলে স্থানীয় চেয়ারম্যান (যাকে এখন মেয়র বলা হয়), মেম্বার (কাউন্সিলর), উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের কাছে অভিযোগ করতে পারেন এ সমস্যা সমাধানের জন্য। সে ক্ষেত্রে সালিসির মাধ্যমে নির্যাতনের হাত থেকে আপনি রক্ষা পেয়ে আপনার সংসার টিকিয়ে রাখতে পারেন। এসব সালিসির মাধ্যমে যদি কোনো মীমাংসা না হয়, আপনার ওপর নির্যাতন বেড়ে যায়, তবে আপনি থানায় গিয়ে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এ অভিযোগ করতে পারেন। যেহেতু আপনি সাবালিকা তাই জোর করে আপনার স্বামী আপনাকে আটকে রাখতে কিংবা কোথাও নিয়ে যেতে পারবেন না, এটা আইনের বিধান।(এখানে সবই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।) গ্রন্থনা করেছেন নাঈমা আমিন