নির্যাতনের শিকার ব্যক্তিদের তালিকা করতেন আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে আজ বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. মোজাম্মেল হোসেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে পাকিস্তানি সেনারা একটি তালিকা দেখে তাঁদের নির্যাতন করেন। আর এ তালিকা তৈরি করেছিলেন আলীম।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোজাম্মেল হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে মোজাম্মেল হোসেন বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের চর বরকত গ্রামের সোনার পাড়ায়। একাত্তরে তাঁর বয়স ছিল ২২-২৩ বছর। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা জয়পুরহাটে আসে। এ সময় রাজাকার কমান্ডার ও মুসলিম লীগের নেতা আলীমের নির্দেশে তাঁর সহচরেরা তাঁদের ওপর নির্যাতন চালায়। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি একবার ভারতে গিয়ে আবার দেশে ফিরে আসেন।একাত্তরের আষাঢ় মাসের প্রথম সপ্তাহের এক শুক্রবার তিনি জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন সেনাদের নিয়ে শান্তি কমিটির সদস্য রিয়াজ মৃধা দাঁড়িয়ে আছেন। তাঁরা ওই মসজিদের ২১ জন মুসল্লিকে বলেন, পাকিস্তানি সেনাদের ট্রাক উল্টে গেছে, সেটি তুলে দিতে তাঁদের সঙ্গে যেতে হবে।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ট্রাক তুলে দেওয়ার পর তাঁদের আধা মাইল দূরে চকপাহুনন্দা গ্রামের আফাজের বাড়িতে নেওয়া হয়। সেখানে তাঁদের তিনটি লাইনে দাঁড় করানো হয়। তখন রিয়াজ মৃধা পকেট থেকে একটি তালিকা সেনাদের হাতে দিয়ে উর্দুতে বলেন, এই তালিকা আলীম দিয়েছেন।সেই তালিকা ধরে ২৮ জনকে রেখে দিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হয়। ওই তালিকায় তাঁর (সাক্ষীর) নাম ছিল। পরে আটক ব্যক্তিদের হাতে কোঁদাল দিয়ে আফাজের বাড়ির পাশে একটি বড় গর্ত করানো হয়। একসময় ওই গর্তে আটজন আটজন করে নামিয়ে বড় দা দিয়ে একজন একজন করে কোপ দেওয়া হয়। সবশেষে তাঁকে (সাক্ষী) ও আরও পাঁচজনকে নেওয়া হলে তাঁদেরও দা দিয়ে কোপ দেওয়া হয়। তাঁর ঘাড়ে ও গলায় কোপ লাগে। এ সময় তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে দেখেন আশপাশে আরও কয়েকজন জখম অবস্থায় গোঙাচ্ছেন। পরে তিনি উঠে ভারতে চলে যান। সেখানে একটি হাসপাতালে চিকিত্সা নিয়ে পিরিচপুর শরণার্থী শিবিরে গেলে তাঁর সঙ্গে আহত পাঁচজনের দেখা হয়। তাঁরা হলেন: সোলেমান, বাহার, মোয়াজ্জেম, আবেদ ও হারিজ মিয়া। এই ছয়জন বাদে ২২ জনকে ওই গর্তে গণকবর দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ করতাম। আলীম ও রিয়াজ মৃধা মুসলিম লীগ করতেন বলে আমাদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল।’জবানবন্দি শেষে মোজাম্মেল হোসেনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। ‘বাংলা মাসগুলোর নাম বলতে পারবেন’—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী নামগুলো বলেন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।