নির্যাতনের শিকার ভিকারুননিসার ছাত্রী জবানবন্দি দিল
ধর্ষণের শিকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর সেই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। গত রোববার মহানগর হাকিম শামিমা পারভীন তাঁর খাসকামরায় নির্যাতনের শিকার ছাত্রীর জবানবন্দি নেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।গত রোববার ওই ছাত্রী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিতে চাইলে সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার (জিআর) উপপরিদর্শক মজিবুর রহমান তাঁকে আদালতে হাজির করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে ছাত্রীকে অভিভাবকের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।ছাত্রীর এক আত্মীয় টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়ে সিঙ্গাপুর থেকে ফিরেছে গত বৃহস্পতিবার। সে এখনো ভালো করে কথা বলছে না। জবানবন্দিতে কী বলেছে, তা জানতে চাইলেও পরিবারের কারও কাছে সে কিছু বলেনি।’গত ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় শিক্ষক পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লু ৎ ফুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর কেরানীগঞ্জে পরিমলকে তাঁর আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১১ জুন পরিমল জয়ধর ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।এদিকে টানা কয়েক দিনের অচলাবস্থার পর গত রোববার বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীরা ক্লাস শেষে প্রথম আলোর কাছে পরিমলের ফাঁসি এবং মামলার আসামি সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম ও অন্যদের যথাযথ শাস্তির দাবি জানায়।একই দিনে বেইলি রোডে পরিচালনা পরিষদের অস্থায়ী কমিটির প্রথম সভা হয়েছে। অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে, তা নিয়ে আলোচনা হয়েছে। খণ্ডকালীন শিক্ষক নিয়োগসহ শিক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়।সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে কমিটির প্রধান ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি যাতে ভালোভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, সে জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন শাখায় সভা করা হবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।মহিবুল হক বলেন, একজন ছাত্রীর সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছে এবং ঘটনায় যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।কমিটির সভায় শিক্ষক প্রতিনিধি হিসেবে নাসরিন আখতার, অভিভাবক প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।মানববন্ধন: গতকাল সোমবার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায়। এরা হলো নারী নির্যাতনবান্ধব সরকার।কেন্দ্রীয় শহীদ মিনারে পরিমল জয়ধরের শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, শিক্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রোববার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাংস্কৃতিক সংগঠন মুক্তমঞ্চ এবং বিজ্ঞান চেতনা পরিষদ মানববন্ধন করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি ইয়াসমিন হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।