নির্যাতিত নারীদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও মানবপাচারের মতো বিভিন্ন নির্যাতনের শিকার নারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠক শেষে আজ বৃহস্পতিবার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো নির্যাতনের শিকার নারীদের ক্ষতিপূরণ দেওয়া। কার্যত ধর্ষণ এবং পাচারের মতো অপরাধের শিকার নারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিধান চালু করতেই এ নীতিমালা। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, হত্যার শিকার নারীদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং অঙ্গহানি হয়েছে এমন নারীদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার বিধান রাখা হয়েছে।তবে অঙ্গহানির ফলে যাঁরা তাঁদের শরীরের ৪০ থেকে ৮০ শতাংশ কার্যকারিতা হারিয়েছেন, তাঁদের প্রত্যেককে ২০ হাজার রুপি দেওয়া হবে। এর চেয়ে কম ক্ষতি হয়েছে, এমন নারীরা পাবেন ১০ হাজার রুপি করে।ধর্ষণের শিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পাবেন ৩০ হাজার এবং প্রত্যেক শিশু পাবে ২০ হাজার রুপি।সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, খুব দ্রুত প্রত্যেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেটদের প্রধান করে একটি করে শক্তিশালী কমিটি গঠন করা হবে। কারা সত্যিই এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তা নির্ধারণ করবে ওই কমিটি।