নির্যাতিত নারীদের সব সহায়তা এক জায়গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের এক কিশোরী। বাবা মারা যাওয়ার পর তার মায়ের আবার বিয়ে হয়। মেয়েটি মায়ের সঙ্গেই থাকে। মায়ের নতুন সংসারে একটি সৎবোন ও ভাই আছে। মা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে থাকেন। তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকার একটি চায়ের দোকানে কাজ করেন। গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাজলের মা দোকানে কাজ করার জন্য যান। কিছুক্ষণ পর নাশতা নিয়ে ঘরে আসেন। এই ফাঁকে সৎবাবা মো. বিল্লাল হোসেন (৩৫) মেয়েটিকে ধর্ষণ করেন। তার শরীরের নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখে তার মা জিজ্ঞাসা করায় মেয়েটি পুরো ঘটনা খুলে বলে। এলাকার লোকজন বিল্লালকে ঘরে আটকে পুলিশে খবর দেন। বায়েজিদ বোস্তামী থানার পুলিশ খবর পেয়ে বিল্লালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মেয়েটির শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে সেখানকার ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এখানেই তার ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা করানো হয়।ডেনমার্ক ও বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ২০০০ সালে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির যাত্রা শুরু হয়। এ কর্মসূচির অধীনেই রয়েছে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ট্রমা কাউন্সেলিং সেন্টার। নির্যাতিত নারীদের সব ধরনের সহায়তা দেয় ওসিসি—জানালেন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন।২০০১ সালে ঢাকা মেডিকেল কলেজে প্রথমে ওসিসির যাত্রা শুরু হলেও বর্তমানে ছয়টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ও হাসপাতালে ওসিসি রয়েছে।এ কেন্দ্রের ফলে নির্যাতিত নারী একই স্থান থেকে চিকিৎসাসেবা, পুলিশি সহায়তা, আইনি সহায়তা, সমাজকল্যাণমূলক সেবা, মনস্তাত্ত্বিক পরামর্শ ইত্যাদি পেয়ে থাকে। এ কেন্দ্রে সাধারণত শারীরিক, যৌন ইত্যাদি নির্যাতনের শিকার নারীদের সব ধরনের সেবা দেওয়া হয়। বিনা পয়সায় ওসিসি থেকে নির্যাতিত নারীদের সহায়তা দেওয়া হয়। অনেক সময় আগুনে দগ্ধ নারীদেরও সহায়তা দেওয়া হয় এ কেন্দ্র থেকে। একই সঙ্গে এ কেন্দ্রে রয়েছেন চিকিৎসক ও দুজন উকিল। এ ছাড়া এখানে রয়েছে নির্যাতিতকে রাখার জন্য আশ্রয়কেন্দ্র এবং পুনর্বাসনের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। কোনো রকম আর্থিক সাহায্য সরাসরি না করা হলেও বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে নির্যাতিত নারীদের দক্ষতাপূর্ণ করে গড়ে তোলা হয়, যেন তাঁরা স্বাবলম্বী হয়ে নিজেদের কর্মসংস্থান করতে পারেন। নির্যাতিতকে মানসিকভাবে চাঙা রাখতে এখানে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও আছে।দিন-রাত ২৪ ঘণ্টা ওসিসি খোলা থাকে নির্যাতিত নারীদের সেবা দেওয়ার জন্য। দৈহিক, যৌন নির্যাতন কিংবা দগ্ধ—এসব নির্যাতনের শিকার নারীরা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারগুলোয় যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: ওসিসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফোন: ০১৭১৩৪২৩৪৯০ ই-মেইল: [email protected] ওসিসি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ফোন: ০১৭১৩৩৬৬৬৩৭ ই-মেইল: [email protected] ওসিসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফোন: ০১৭১৩৩৬৬৬৩৫ ই-মেইল: [email protected] ওসিসি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ফোন: ০১৭১৩৩৬৬৬৩৯ ই-মেইল: [email protected] ওসিসি, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ফোন: ০১৭১৩৩৬৬৬৩৮ ই-মেইল: [email protected] ওসিসি, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফোন: ০১৭১৩৩৬৬৬৩৪ ই-মেইল: [email protected]