শৈলকুপায় পৌর নির্বাচন-পরবর্তী সহিংসতা
নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ
ঝিনাইদহের শৈলকুপায় এবারের পৌর নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের বা নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, তা ২৬ জানুয়ারির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ. মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ১৩ জানুয়ারি ওই পৌরসভা এলাকায় নির্বাচন হয়। এরপর সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয় বলে প্রথম আলোসহ কয়েকটি পত্রিকার প্রতিবেদন তুলে ধরে গতকাল বুধবার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান হাইকোর্টে একটি রিট আবেদন করেন।রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। এলিনা খান আদালতে নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন। এলিনা খান প্রথম আলোকে বলেন শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, তা ২৬ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে।