প্রায় ২৩ বছর আগের কথা। যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও দেবরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেন শামীমা বেগম (ছদ্মনাম)। নয় মাসের অন্তঃসত্ত্বা শামীমা তাই একদিন ভোরে পটিয়ার ইন্দ্রপোল এলাকায় গিয়ে খাল পাড়ে দাঁড়ান। খালে লাফ দেবেন, ঠিক সেই মুহূর্তে টহল পুলিশ তাঁকে উদ্ধার করে। শামীমার কাছে সবকিছু শুনে পুলিশের একজন কর্মকর্তা তাঁকে নিয়ে যান স্থানীয় পারভীন আকতারের বাসায়। সেখানে আশ্রয় হয় শামীমার। ২০ দিনের মাথায় শামীমার স্বামীকে বাড়ি থেকে ডেকে এনে বিরোধ মিটিয়ে দেন পারভীন। তার পরও প্রায় ১০ বছর পারভীনের কাছেই নিজের পরিবারের মতো থাকেন শামীমা। সেখানে থেকেই এক ছেলেকে স্নাতক পাস করিয়েছেন। মেয়েকে পড়িয়েছেন এসএসসি পর্যন্ত।শামীমার ভাষায়, ‘একসময় স্বামীর বাড়িতে গিয়ে নিজের আয় দিয়ে পাকাঘর করেছি। পারভীন আপার কাছে না গেলে আমার যে কী অবস্থা হতো!’ শুধু শামীমা নন। পারিবারিক নির্যাতনের শিকার তাঁর মতো হাজারো নারীর ভরসা হয়ে উঠেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার পারভীন (৬১)।পারভীনের বাবার বাড়ি ফরিদপুরে। ১৯৬৫ সালে ফরিদপুরের জয়দেবপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। চার বছর পর তাঁর বিয়ে হয় পটিয়ার চিকিৎসক কে আকতারের সঙ্গে। বিয়ের প্রায় সাত বছর পর তিনি প্রাইভেট পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। স্বামীর সরকারি চাকরির সূত্রে পটিয়ার বাইরেই থাকতে হতো। ১৯৭৪ সালে স্বামী চাকরি ছেড়ে পটিয়ার মুন্সেফবাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শুরুর কথা: আমাদের সমাজে নারীরা সবকিছুতেই স্বামী বা পরিবারের ওপর নির্ভর করেন। নারীরা কোনো সমস্যায় পড়লে তাঁদের পাশে তেমনভাবে কেউ দাঁড়ায় না। এই কর্মহীন-অবহেলিত নারীদের জন্য কিছু করার কথা ভাবেন পারভীন। সেটা ১৯৭৬ সাল। সেই ভাবনা থেকে ওই বছর একদিন পটিয়ার স্থানীয় চিকিৎসক জহুরুল হকের বাড়িতে তাঁর স্ত্রী শাসুন্নাহার হক, চিকিৎসক প্রিয়দর্শন চৌধুরীর স্ত্রী শালীনতা চৌধুরীসহ কয়েকজনকে নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘মহিলা সমিতি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন পারভীন। সংগঠন পরিচালনায় করা হয় ১১ সদস্যের কমিটি। পরে ১৯৮০ সালে সংগঠনের নাম বদলে করা হয় ‘নারী জাগরণ সংস্থা’। ধীরে ধীরে তাঁর কাজের কথা আশপাশে ছড়িয়ে পড়ে। পরিচিত হন সবার প্রিয় ‘পারভীন ভাবি’ হিসেবে।স্বনির্ভরতার গল্প: প্রথম দিকে কাজ শুরু করতে অর্থকড়ির প্রয়োজনে আয়ের পথে নামেন পারভীন ও তাঁর সহযোগীরা। শুরু করেন কাগজের ঠোঙা তৈরি, পেঁয়াজু বানিয়ে দোকানে বিক্রি, অফিসার্স ক্লাবের মাসিক সভায় খাবার সরবরাহ ইত্যাদি। এই টাকা জমিয়ে কয়েক মাস পর বেশ কটি সেলাই মেশিন কিনে তা দিয়ে শুরু করেন অভাবী নারীদের সেলাই প্রশিক্ষণ।একপর্যায়ে পটিয়াসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের নির্যাতিত নারীরা যেতে থাকেন পারভীনের কাছে। যৌতুকসহ সংসারে বিরোধ-সংক্রান্ত অধিকাংশ সমস্যাই মীমাংসা করে দেন তিনি। মীমাংসা না হলে আইনি পথে গিয়ে নির্যাতিত নারীকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করেন। পারভীনের সঙ্গে কথা বলে জানা গেল, কাজ শুরুর পর গত ৩৭ বছরে অন্তত ৩০ হাজার নারী নির্যাতনের ঘটনা তাঁর কাছে এসেছে। এর ৮৫ শতাংশই তিনি নিজে মীমাংসা করে দেন। বাকিগুলোতে নির্যাতিতের পক্ষে আইনি সহায়তা দিতে আদালতের শরণাপন্ন হন। এর বাইরে অন্তত ২০ জন অসহায় মেয়েকে নিজের ঘরে লালন-পালন করে নিজ খরচে বিয়ে দেন। এ ছাড়া সাড়ে ১০ হাজার নারীকে সেলাই, ব্লক-বাটিক ও নকশি কাঁথাসহ নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলেন। পারভীন জানালেন, তিন শতাধিক ধর্ষণের ঘটনাও পেয়েছেন তিনি। ধর্ষণের শিকার যাঁরা লোকলজ্জায় বাড়ি ফিরতে চান না, তাঁদের নিজ বাসায় রেখে আইনি সহায়তার ব্যবস্থা করেন তিনি। ধর্ষণের শিকার এক কিশোরী বর্তমানে মাস খানেক ধরে তাঁর বাসায় আছে। সম্প্রতি একদিন পারভীন আকতারের নারী জাগরণ সংস্থার কার্যালয়ে গেলে দেলোয়ারা বেগম (৪০) নামের এক নারী বলেন, ‘ঘর ও ব্যবসা করার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিলেও নির্যাতন বন্ধ হয়নি। তাই ১২ বছর আগে স্বামীর সংসার ছেড়ে প্রথমে পারভীন আপার কাছে আসি। পরে চট্টগ্রাম আদালতে মামলা করি।’ তিনি আরও বলেন, ‘এখানে সেলাই প্রশিক্ষণ নিয়ে চার বছর ধরে নিজের সংসার নিজে চালাচ্ছি। সন্তানদের পড়াশোনা করাচ্ছি।’ একই সময়ে সেলিনা আকতার (৩২) নামের একজন নারী এলেন আদালতে দায়ের করা তাঁর মামলার খবর জানতে। তাঁর বাঁ হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, ‘এইভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। পারভীন আপা মীমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু স্বামী বিষয়টি না মানায় পারভীন আপার সহায়তায় আদালতে মামলা করি।’স্বীকৃতি: পারভীনের স্বামী কে আকতার বলেন, অসহায় নারীরা জনপ্রতিনিধি বা থানায় গিয়ে যা বলতে পারেন না, পারভীনের কাছে এসে তা খোলাখুলিভাবে বলতে পারেন। তাই এখানে আসা ৮৫ শতাংশ বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান হয়।কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন তাঁকে শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে স্বর্ণপদক দিয়েছে। জাতীয়ভাবে আনসার-ভিডিপি পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া পটিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা।পারভীন আকতার তাঁর কাজ চালিয়ে যেতে চান আমৃত্যু। বললেন, ‘যখন নারী নির্যাতন মামলাগুলো নিয়ে বসতাম তখন অনেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি আসামির পক্ষ হয়ে আমাকে ফোন করতেন, চাপ সৃষ্টি করেন। কিন্তু আমি নতি স্বীকার করিনি।’