নিলমের আঘাতে নিহত ৪
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিলম’ গতকাল বুধবার বিকেলে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে। এতে তামিলনাড়ুতে একজন নাবিক ও অন্ধ্র প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়া আরও পাঁচজন নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার রাতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার পর তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের উচ্চসতর্কতা জারি করা হয়।গতকাল বিকেল স্থানীয় সময় চারটার দিকে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৫৫ কিলোমিটার দূরে মামাল্লাপুরাম ও কালপাক্কামের মধ্যবর্তী স্থানে আঘাত হানে। তখন ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ৮০ কিলোমিটার। বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। লন্ডভন্ড হয়ে যায় পুরো শহর। ঝড়ের সময় বেসান্তনগর সৈকত থেকে নোঙর করা একটি তেলবাহী জাহাজ (ট্যাংকার) বঙ্গোপসাগরে ৫০ মিটার দূরে ভেসে যাওয়ার পর ট্যাংকারের নাবিক এম টি প্রতিভা কাবেরি ট্যাংকারটি পরিত্যাগ করতে নাবিকদের নির্দেশ দেন।একজন নাবিক জানান, ট্যাংকারে ২২ জন নাবিক ছিলেন। নৌকায় করে তীরের দিকে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। নাবিকদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একজন নাবিকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য নাবিকেরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া অফিস জানায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ১০ দিন আগেই এ নিম্নচাপের সৃষ্টি হয়। এ ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় আঘাত হানার কথা ছিল। তবে গতিপথ পাল্টে এটি ক্রমশ ভারতের দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুতে আঘাত হেনেছে।চেন্নাইয়ে আকস্মিক দমকা বাতাসে দুই শতাধিক গাছ ও ৫০টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। অনেক এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাস্তাঘাট পরিষ্কার করতে সমর্থ হন। পূর্ব সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ চেন্নাইয়ে আট ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখে। একই সঙ্গে গত সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। আগামী শুক্রবার স্কুল-কলেজ খোলা হতে পারে।ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মামাল্লাপুরাম থেকে প্রায় চার হাজার লোককে আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়।ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেলেও চেন্নাই শহরে গতকাল বুধবার চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।