নিলামে চাঁদের পাথর, মঙ্গলের টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড, চাঁদের এযাবত্কালের সবচেয়ে বড় টুকরো গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠেছে। আয়োজকেরা এ ঘটনাকে পাথর বিক্রির ইতিহাসে সবচেয়ে বড় নিলাম বলে দাবি করেছেন। নিলাম থেকে ১০ লাখ ডলারের বেশি আয় হয়েছে। গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।হেরিটেজ অকশন নামের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। নিলামে ১২৫টিরও বেশি পাথর বিক্রির জন্য রাখা হয়। আকার, দুষ্প্রাপ্যতা, সৌন্দর্য ও উত্পত্তি বিবেচনায় পাথরগুলোর দাম নির্ধারণ করা হয়। কিছু কিছু পাথরখণ্ড এক শ ডলারের কম দামে বিক্রি হয়েছে। তবে ৫০ হাজার ডলারের বেশি অর্থে বিক্রি হবে বলে যেসব পাথর নিলামে রাখা হয়েছিল, এগুলোর ক্রেতা পাওয়া যায়নি। চাঁদের এক কেজি ৮০০ গ্রাম ওজনের পাথরখণ্ড নিলাম শেষে তিন লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়। গত শতকের ষাটের দশকে সাইবেরিয়ায় পাওয়া শ্যামচান পাথরখণ্ডের একটি খণ্ড নিলামে বেশ ভালো দর পেয়েছে। নয় ইঞ্চি লম্বা হলদেটে স্ফটিকের টুকরোটি আনুমানিক মূল্যের চেয়ে ১২ গুণ বেশি দামে ৪৩ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়েছে।নিলামে বিক্রি না হওয়া পাথরের তালিকায় রয়েছে একটি উল্কাপিণ্ডের অংশ, যা মঙ্গল গ্রহ থেকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও রয়েছে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে পাওয়া লৌহ শিলাখণ্ড। এগুলোর মূল্য পৌনে দুই লাখ থেকে সোয়া দুই লাখ ডলারের মতো।নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনের পাথরবিষয়ক পরামর্শক ডেরিল পিট বলেন, ‘এখানে সবার জন্যই কিছু না কিছু আছে, এমনটা নিশ্চিত করতে চেয়েছি।’ তিনি জানান, ক্রেতারা চাঁদ বা মঙ্গলের পাথরখণ্ড কেনার জন্য বাড়তি অর্থ গুনতে আগ্র্রহী। তবে চাঁদের পাথরখণ্ড বেশ দুর্লভ। পৃথিবীতে পাওয়া ৬১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাথর সম্পর্কে তিনি বলেন, এটি পৃথিবীর দুর্লভ প্রাচীন উপাদানের একটি, যা মানুষ স্পর্শ করতে পারে।নাম পকাশ না করার শর্তে একজন ক্রেতা বলেন, মঙ্গলের শিলাখণ্ডসহ বেশ কিছু দুর্লভ পাথর কেনার জন্য তিনি হাজার হাজার ডলার ব্যয় করেছেন। নিলামের নির্দেশিকা দেখে বিভিন্ন পাথরের ব্যাপারে তাঁকে পরামর্শ দিয়েছেন তাঁর স্ত্রী।