নিলামে দুর্লভ গোলাপি হীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে উঠেছে ১২ ক্যারেটের দুর্লভ এক গোলাপি হীরা। হংকংয়ে আজ মঙ্গলবার ‘মারশিয়ান পিংক ডায়মন্ড’ বলে পরিচিত এই হীরক খণ্ডের নিলাম ডাকের আয়োজন করা হয়েছে। নিলামকারী শিল্পকর্ম-বিষয়ক প্রতিষ্ঠান ক্রিস্টিজ আশা করছে, হীরার টুকরাটি ৮০ লাখ থেকে এক কোটি মার্কিন ডলারে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এটি বিক্রি হতে পারে ৮০ কোটি টাকায়। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।দামি রত্ন হীরার ক্ষেত্রে গোলাপি হীরা খুবই দুর্লভ। মার্কিন রত্ন ব্যবসায়ী রোনাল্ড উইনস্টন ১৯৭৬ সালে এই হীরার নাম রাখেন ‘মারশিয়ান পিংক ডায়মন্ড’। সে বছর ইংরেজিতে ‘মারস’ বলে পরিচিত মঙ্গলগ্রহে একটি উপগ্রহ পাঠায় যুক্তরাষ্ট্র। এ গৌরবময় ঘটনা স্মরণীয় করে রাখতে মূল্যবান হীরার টুকরোর নাম রাখা হয় গ্রহটির নামের সঙ্গে মিলিয়ে।বিশ্বের সবচেয়ে বিখ্যাত গোলাপি হীরার মালিক ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘উইলিয়ামসন পিংক’ নামের এই হীরা ১৯৪৭ সালে রানি তাঁর বিয়েতে উপহার পেয়েছিলেন। ২৩ দশমিক ৬ ক্যারেটের হীরক খণ্ডটি রানির পোশাক আটকানোর জন্য কারুকাজ করা বিশেষ এক পিনে বসানো হয়।