নিলামে মহাত্মা গান্ধীর চিঠি ও ছবি
ভারতের মহান নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত বেশ কিছু চিঠি, কাগজপত্র ও ছবি আগামী ১০ জুলাই লন্ডনে নিলামে তোলা হবে। নিলামে এসব জিনিস বিক্রি করে ১০ লাখ মার্কিন ডলারের বেশি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। প্রসিদ্ধ নিলামকারী প্রতিষ্ঠান সদবাই এই নিলামের আয়োজন করবে। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।সংরক্ষিত এসব দলিল কয়েক হাজার হবে, যা ১৮টি নথিতে রাখা হয়েছে। দলিলগুলো হারমান কলেনব্যাচ নামের এক ব্যক্তির সংগ্রহে ছিল। ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হওয়ার পর উভয়ে ঘনিষ্ঠ বন্ধু বনে যান। নিলামকারী প্রতিষ্ঠানটির বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হিটন বলেন, একটি অসম্পূর্ণ চিঠিতে গান্ধীর বড় ছেলে হরিলাল লেখেন, ‘বাবা দিন দিন কেমন যেন হয়ে উঠছেন। এমন দিন আসাটা বিচিত্র কিছু নয় যে, হয় বাবার সঙ্গে থাকা লোকজন তাঁকে ছেড়ে চলে যাবেন, নয় তো খাপ খাওয়াতে না পেরে বাবাই চলে যাবেন।’এসব কাগজ-পত্রের অল্প কিছু গান্ধী নিজে সংরক্ষণ করেন। বেশির ভাগ দলিল সংরক্ষণ করেন তাঁর পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, সহযোগী এবং হারমানের মতো ব্যক্তিরা।গ্যাব্রিয়েল হিটন রয়টার্সকে বলেন, ‘এই সংগ্রহশালার বিরাট অংশ অজ্ঞাত ও অপ্রকাশিত। গত এক বা দুই প্রজন্মের কোনো বিশেষজ্ঞও এগুলো ব্যবহার করেননি। এগুলো গান্ধী ও তাঁর জীবন সম্পর্কে আমাদের জ্ঞান আরও বাড়াবে।’