নিশাত আজ নেমে আসবেন বেসক্যাম্পে
প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের পর নিরাপদেই ফিরে আসছেন নিশাত মজুমদার এবং তাঁর সহযাত্রী পর্বতারোহী এম এ মুহিত। এভারেস্ট বিজয়ের পর গত শনিবার রাতেই তাঁরা ক্যাম্প-৪-এ ফিরে আসেন। গতকাল রোববার রাতে তাঁদের ক্যাম্প-১-এ অবস্থান করার কথা। আজ সোমবার দুপুরের দিকে নিশাত ও মুহিত এভারেস্ট বেসক্যাম্পে ফিরে আসবেন বলে তাঁদের সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) সূত্রে জানা গেছে। বিএমটিসির প্রতিষ্ঠাতা ইনাম আল হক গত রাতে প্রথম আলোকে বলেন, ‘কাঠমান্ডুতে পেমবা দর্জি শেরপার সঙ্গে কথা হয়েছে। নিশাত ও মুহিত নিরাপদে ফিরছেন বলে পেমবা জানিয়েছেন।’ এই অভিযানে নিশাত ও মুহিতের সঙ্গে তিনজন শেরপা রয়েছেন। বেসক্যাম্পে এসে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের লিয়াজোঁ কর্মকর্তার কাছ থেকে এভারেস্ট বিজয়ের সনদ সংগ্রহ করবেন নিশাত ও মুহিত। তথ্যপ্রমাণ দেখিয়ে সনদ পাওয়ার মাধ্যমে পাওয়া যাবে পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। বর্তমানে এভারেস্ট অভিযানে থাকা বাংলাদেশের আরেক পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ফেসবুক বার্তার মাধ্যমে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং উত্তর ও দক্ষিণ দুই দিক দিয়ে এভারেস্ট বিজয়ী এম এ মুহিতকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল ভোরে নিজের বর্তমান অবস্থান সম্পর্কে ফেসবুকে তথ্য দিয়েছেন ওয়াসফিয়া নাজরীন। ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ওয়াসফিয়ার এভারেস্ট চূড়ার পথে রওনা দেওয়ার কথা। আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ মে সকালে এভারেস্ট জয়ের আশা করছেন তিনি। পৃথিবীর সাতটি মহাদেশের সাত শীর্ষ পর্বত জয়ের (সেভেন সামিট) জন্য ঘোষিত ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির অংশ হিসেবে ওয়াসফিয়া এবারের এভারেস্ট অভিযান করছেন। এর আগে গত বছর তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া জয় করেছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার ১৯ মে সকাল সাড়ে নয়টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন এম এ মুহিত। তিনি পর পর দুবার এভারেস্ট জয় করলেন।