নিশাত ও মুহিত কাঠমান্ডুতে
টানা তিন দিন লুকলাতে আটকে থাকার পর আজ সকাল ১০টায় এভারেস্টজয়ী নিশাত মজুমদার এবং এম এ মুহিত কাঠমান্ডুতে এসে পৌঁছেন। মেঘের কারণে গত কয়েক দিন লুকলায় বিমান চলাচল বন্ধ ছিল। গতকাল নিশাত, এম এ মুহিত ও মিংমা গ্যালজে শেরপাকে আনতে বিশেষ ব্যবস্থায় একটি হেলিকপ্টার পাঠানো হয়। পরে বৈরী আবহাওয়ার জন্য হেলিকপ্টারটিও আসতে পারেনি।অবশেষে সব অপেক্ষার অবসান শেষে সকালে নামেন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে। নামার পর বাংলাদেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাতের তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কত দিন পর প্রিয় ও কাছের মানুষদের মুখ দেখলাম। অস্থির লাগছিল। শেষ পর্যন্ত কাঠমান্ডু আসতে পেরেছি।’ এভারেস্টের বেসক্যাম্প থেকে তাঁরা ২৫ মে রওনা দিয়েছিলেন।বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের পক্ষে তাঁদের বরণ করেন প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) হারুন অর রশীদ, সুইস বেকারির কর্ণধার উলফাত কবীর, পর্বতারোহী মীর শামসুল আলম, কায়সার কাদের, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা।এরপর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিকের আমন্ত্রণে তাঁর বাসভবনে নিশাত, মুহিতসহ অতিথিরা যান। সেখানে তাঁদের অভিনন্দন জানান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘দুই দিন আগে নিশাতকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। কিন্তু লুকলায় ওরা আটকে যাওয়ায় দূতাবাসের অনুষ্ঠান যথা সময়ে হতে পারেনি। ঢাকায় নাট্যোত্সব চলছে। ফলে আমাকে আজই যেতে হচ্ছে।’নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ‘নিশাতের এভারেস্ট জয় আমাদের গর্বিত করেছে। এরপর ছয় দিনের মধ্যে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন। নারীর অদম্য সাহস ও শক্তি যে আছে, তাঁরা তা প্রমাণ করেছেন। অভিনন্দন তাঁদের।’১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। তাঁর সঙ্গে ছিলেন পরপর দুবারের এভারেস্টজয়ী এম এ মুহিত। সবকিছু ঠিক থাকলে তাঁরা ৩ জুন ঢাকায় ফিরবেন।