নিশাত মজুমদারকে ঢাকা ওয়াসার সংবর্ধনা
এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আজ মঙ্গলবার সকালে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে নিশাতকে উত্তরীয়, চেক, ক্রেস্ট ও অন্যান্য উপহার দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও অন্যান্য অতিথি।নিশাত ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর সাফল্যে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তাঁকে পাঁচ লাখ টাকার চেক ও একটি বাসা বরাদ্দ দিয়েছে। ওয়াসার অকারিগরি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকেও নিশাতকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।অনুষ্ঠানে ঢাকা ওয়াসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিশাত। ওয়াসা কর্তৃপক্ষ নিশাতকে সব সময় যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্লাহ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান ও নিশাত মজুমদারের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।