নিশ্চিত হলো ‘অল জার্মান’ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বায়ার্ন সত্যিই অন্যরকম। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগ সেমির দ্বিতীয় লেগে সেটা হাড়ে হাড়েই টের পেয়েছে বার্সেলোনা। প্রথম পর্বে ৪-০ গোলে হারার পর, নিজেদের মাঠে ‘অসম্ভব’কে সম্ভব করার যে প্রত্যয় নিয়ে বার্সেলোনা মাঠে নেমেছিল, সেই লক্ষ্য তো পূরণ হয়নিই উল্টো ৩-০ গোলের আরও একটি লজ্জাজনক হার সঙ্গী হয়েছে কাতালানদের। দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের বিশাল ব্যবধান নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ‘অল জার্মান’ ফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের পটপরিবর্তনের ব্যাটনটাও নিজেদের হাতে তুলে নেওয়ার সব ক্ষেত্রই প্রস্তুত করে ফেলল ‘বেভারিয়ান’রা।আগেই বলা হয়েছে, অসম্ভবকে সম্ভব করার দৃঢ়প্রত্যয় নিয়ে মাঠে নামার কথা ছিল বার্সেলোনার। কিন্তু সেই অসম্ভব লক্ষ্যের পথে ছুটতে যে খেলোয়াড়টিকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই লিওনেল মেসিকে কাল মাঠেই নামাননি কোচ টিটো ভিলানোভা। খেলোয়াড় অদল-বদল নিয়েও ভিলানোভা হতাশ করেছেন সমর্থকদের। দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেন জাভি ও ইনিয়েস্তাকে। বার্সেলোনার রিজার্ভ বেঞ্চ অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু কাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে তা একেবারেই পাত্তা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই, ম্যাচের ৪৮ মিনিটে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার আরিয়েন রোবেন। প্রতিপক্ষের জালে বল জড়ানোর কথা থাকলেও ৭২ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। চার মিনিট পরে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন টমাস মুলার। গোলটি ছিল দেখার মতো। ফ্রাঙ্ক রিবেরির ক্রস থেকে চমত্কারভাবে মাথা ছুঁইয়ে বার্সেলোনার জালে বল জড়িয়ে দেন এই জার্মান মিডফিল্ডার। ৩-০ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।সেমিফাইনালের আগে অনেকেই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালকে ‘স্পেন বনাম জার্মানি’র ফুটবলযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিন্তু এবার স্প্যানিশ জায়ান্টরা ইউরোপ-সেরার লড়াইয়ে দেশের ঝান্ডা তুলে ধরতে যারপরনাই ব্যর্থ। রিয়াল পরাভূত জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। বার্সাকে তো রীতিমতো উড়িয়েই দিল বায়ার্ন। সব মিলিয়ে জার্মানি-স্পেনের ফুটবলযুদ্ধে বিপুলভাবেই পরাস্ত স্পেন। দুই জার্মান জায়ান্টের মিলিত অভিযানে এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল একান্তই জার্মানির। ২৫ মে ওয়েম্বলিতে ইউরোপ-সেরার লড়াইয়ে মুখোমুখি হবে মিউনিখ ও ডর্টমুন্ড। রয়টার্স