নিশ্চিন্তপুরে মানুষের অনিশ্চিত ছোটাছুটি
লাশের পোড়া গন্ধ নিশ্চিন্তপুরের বাতাসে। কালো হয়ে যাওয়া শতাধিক নিথর দেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। গতকাল শনিবার রাতে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে এখন সুস্থ ও স্বাভাবিক যেকোনো মানুষের টিকে থাকা দায়। কিন্তু হারানো স্বজনের খোঁজে অনেকে কাটাচ্ছেন অনিশ্চিত সময়। কখনো কেউ কেউ তাজরীন ফ্যাশনের দগ্ধ আটতলা ভবনে ঢোকার চেষ্টা করছেন। কখনো স্তূপ করে লাশ রাখার স্থান নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে বিরামহীন ছোটাছুটি। তাঁদের উদ্দেশ্য একটাই—হারানো স্বজনের অন্তত লাশটি কাছে পাওয়া, দেখতে পাওয়া। আর এদেরই একজন আতিয়ার রহমান। ২৮ বছর পেরোনো মাগুরার এই তরুণ গতকাল রাত থেকে খুঁজে ফিরছেন তাঁর স্ত্রী শাহনাজ খাতুনকে। ২০ বছর বয়সী শাহনাজ ১৩ নভেম্বর তাজরীন ফ্যাশনে কোয়ালিটি অপারেটর হিসেবে যোগ দেন। গতকাল দুপুরে বাসায় এসে খাবার খেয়েছেন শাহনাজ তাঁর স্বামীর সঙ্গে। এটিই ছিল তাঁদের দুজনের শেষ দেখা। সন্ধ্যা সাতটার সময় আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিজ কর্মস্থল নিট এশিয়া থেকে ছুটে আসেন আতিয়ার। সন্ধ্যার পর থেকে তাজরীন ফ্যাশনের পাশে রাখা লাশের মধ্য থেকে পাগলের মতো খুঁজেছেন শাহনাজকে। আতিয়ার এরপর ছুটে গেছেন আশুলিয়া থানায়। স্বজনদের পাঠিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কোথাও মেলেনি শাহনাজের দেখা। আজ দিন গড়িয়ে এখন সন্ধ্যায় হয়ে গেছে, তবু শাহনাজের সন্ধান মেলেনি। তাই নিজের প্রাণপ্রিয় মানুষকে আর জীবন্ত দেখতে পাবেন না—এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত আতিয়ার। প্রথম আলো ডটকমকে আতিয়ার বলেন, ‘আমি চাইনি শাহনাজ পোশাক কারখানায় কাজ করুক। কিন্তু ও জোর করে এখানে কাজ করতে আসে। আমি এখন ধরেই নিয়েছি শাহনাজ আর বেঁচে নেই। কিন্তু আমি চাই শাহনাজের মৃতদেহটিকে যেন পাওয়া যায়।’কেবল আতিয়ার নন, হাজারো মানুষ নিশ্চিন্তপুরে অনিশ্চিত ছোটাছুটি করছে। এদের মধ্যে উত্সুকের সংখ্যাও নেহাত কম নয়। কেবল ভিড় বললেই চলবে না। একেবারে প্রধান সড়ক থেকে নিশ্চিন্তপুরে পা ফেলাও অসম্ভব হয়ে গেছে। প্রধান সড়কের মানুষের বাঁধ ভেঙে তাজরীন ফ্যাশনের ভবনে যেতে যে কারোরই প্রায় ঘণ্টা পেরিয়ে যাবে। অথচ পথ মাত্র এক মাইল হবে। আর এই মানুষের কোলাহলের মধ্যে স্বজন হারানো অনিশ্চিত মানুষেরা চোখের পানি ফেলারও সুযোগ পাচ্ছেন না।