নিশ্চিন্তপুরের জাগরণের সেনানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র চা-শ্রমিক পরিবারের সন্তান দিপু গোয়ালা। চা-বাগানটির অবস্থান মেঘালয় পাহাড়ের কোলে। অহর্নিশ শ্রমে-ঘামে একঘেয়ে জীবনে বাগানের বাইরের পৃথিবী দেখার সুযোগ হয়নি খুব বেশি। খেলার মাঠ, ফুটবল, বিপুল আনন্দ-উৎসব, দর্শকদের বাঁধভাঙা উল্লাস—সবই ছিল তার কাছে কল্পনায় দেখা ছবির মতো। সেই কল্পনাই বাস্তব হয়ে ধরা দিল ফুটবল খেলার হাত ধরে। এই আখ্যান দিপুদের নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলারদের। ইউনিয়ন পর্যায় পার করে উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ে লড়াইয়ে জিতে জাতীয় পর্যায়ে উঠে আসা এবং শেষ পর্যন্ত দেশসেরার মর্যাদা অর্জনের মধ্য দিয়ে তাদের আখ্যানের পরিসমাপ্তি। সমাপ্তি নয়, বরং নতুন সূচনাও বলা যেতে পারে। সূচনা ফুটবলের পুনর্জাগরণের।১৩ জানুয়ারি শেষ হওয়া ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে নারায়ণগঞ্জের ইশতেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। দিপু ওই দলেরই খেলোয়াড়। দেশসেরার স্বীকৃতি আদায় করে নেওয়া এই খুদে খেলোয়াড়দের প্রস্তুতিটা ছিল কিন্তু নিতান্তই সাদামাটা। শুনে অনেকেই হয়তো মজা পাবেন, প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এসব ফুটবলারের খেলার শুরু ‘জাম্বুরা’ দিয়ে। ওই জাম্বুরা বলকে পায়ে জড়িয়েই ফুটবলের এই অনন্য অর্জন তাদের। প্রত্যন্ত এলাকার বালকদের অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে অভাব-অনুযোগ।নিশ্চিন্তপুরের জাগরণের সেনানীরা হলো: শাহরিয়ার রহমান, হোসেন আহমদ, ফাহাদ আহমদ, আজমান আহমদ, হাসন আহমদ, রুবেল আহমদ-১, রুবেল আহমদ-২, সুমন আহমদ, এমরান আহমদ, বাদল আহমদ, শিমুল বাড়াইক, দিপু গোয়ালা, দিলদার, মেহেদী, সুহেল আহমদ, আজাদ ও এমদাদ আহমদ।জাম্বুরা থেকে ফুটবল: চারদিকে খালে ঘেরা গ্রাম নিশ্চিন্তপুর। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের যাতায়াতদুর্গম এ গ্রামের উত্তরে ভারত সীমান্ত। মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে পুরো এলাকা চা-বাগান। বাংলাদেশের অংশে চা-বাগানের নাম লালাখাল। চা-বাগানের শ্রমজীবী পরিবারের শিশুসহ আশপাশের গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের একমাত্র ভরসা নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন জানান, বিদ্যালয়ের সমবয়সী ২০ থেকে ২৫ জনের একটি দলকে প্রায়ই দেখা যেত ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। প্রায় দিনই বিদ্যালয় ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে নাওয়া-খাওয়া ভুলে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ত তারা। খেলার উপকরণ জাম্বুরা। জাম্বুরার মৌসুম ছাড়া অন্য সময় খেলা চলত ধানের নাড়ায় তৈরি ফুটবল দিয়ে। ফুটবল খেলার প্রতি তাদের এই উৎসাহ দেখে গত ফুটবল বিশ্বকাপ মৌসুমে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে একটি ফুটবল এনে দেন তিনি। নূরউদ্দিন বলেন, ‘জীবনে প্রথম ফুটবল পেয়ে তাদের সে কী আনন্দ! পায়ে পায়ে নেওয়ার আগে হাত থেকে হাতে নিয়ে ফিরছিল। সেই শুরু যে এমন বিজয় এনে দেবে, তা কল্পনায়ও ছিল না।’ নিশ্চিন্তপুরে একদিন: নিশ্চিন্তপুরে গিয়ে প্রথমেই দেখা হয় দিপুর সঙ্গে। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সে। কাঁপা কাঁপা গলায় দিপু তার কৃষ্ণবর্ণের শারীরিক গড়ন দেখিয়ে বলল, ‘আমারে তো সবাই নাইজেরিয়ান প্লেয়ার কইয়া ডাকত! বলে (ফুটবল) টান মারলেই হাঁকডাক হুনতাম। বড় হইয়া এই নামেই আমি নাম কুড়াইতে চাই!’ দিপুর বাবা ধীরেন গোয়ালা (৪০) লালাখাল চা-বাগানের শ্রমিক। চার সন্তানের পরিবারে দিপু একমাত্র ছেলে। কিন্তু ছেলের খেলার শখ পূরণে একটি ফুটবল কিনে দেওয়ার সাধ্য হয়নি তাঁর। এ আক্ষেপের কথা জানিয়ে ধীরেন বলেন, ‘দেখতাম তারা (দিপু ও তার বন্ধুরা) জাম্বুরা চুরি করে ফুটবল বানাইয়া খেলত! বাগানে কুলির কাম করি। জীবনে কোনো দিন খেলার মাঠ দেখা হয় নাই। স্বপ্ন দেখারও সাধ ছিল না যে আমার বেটা কোনো দিন শহরের মাঠে বল খেলিব। তারা খেলল তো খেলল, একেবারে জয় আনি দিল!’ প্রশিক্ষণ পর্ব: বিদ্যালয়ের পেছনে খালের পাড়ে চরের মতো একটি জায়গা। সেই চরে চলে দৌড়। মৌসুমটা জাম্বুরার না হওয়ায় বিকল্প হিসেবে তৈরি করা হয় পাটের দড়ি ও নাড়া দিয়ে তৈরি ফুটবল। সেটিকে নিয়ে শপথ। তারপর খেলার নানা কলাকৌশল শেখানো হয়। এভাবে ঘণ্টা খানেক কসরতের পর দেওয়া হয় ফুটবল। তিন ঘণ্টার খেলা শেষে দিনের প্রশিক্ষণের সমাপ্তি টানা হয়। কোচ শাহ আলম চৌধুরী তোফায়েল জানান, খেলা চলাকালীন পুরো তিন মাস এভাবেই চলেছে। কেবল ফাইনাল খেলা উপলক্ষে ঢাকার ক্রীড়াপল্লিতে অবস্থানকালীন এ রুটিনের ব্যতিক্রম হয়েছে।নিশ্চিন্তপুরে গিয়ে দেখা গেছে, ক্রীড়ানৈপুণ্য ধরে রাখতে সেই প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রয়েছে। এদের সঙ্গে ছোটদেরও আরেকটি দল যুক্ত হয়েছে। কোচ তোফায়েল বলেন, ‘বিদ্যালয় চাইছে, আমিও স্বেচ্ছায় এ প্রশিক্ষণ অব্যাহত রাখতে চাই।’ফুটবলার গড়ার কারিগর: ত্রিশোর্ধ্ব বয়সের তোফায়েলের বাবা চারিকাটা ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান প্রয়াত হাবিবুর রহমান চৌধুরী। তাঁর বাবা ছিলেন বৃহত্তর জৈন্তাপুর ফুটবল দলের একজন খেলোয়াড়। বাবার প্রেরণায় তিনি ‘চারিকাটা থ্রি স্টার’ নামের একটি ফুটবল দল গঠন করে ভারতের শিলং পর্যন্ত গিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন। ২০০১ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকে খেলা ছেড়ে দেন। তবে খেলার প্রতি ভালোবাসা তাঁকে টেনে নেয় খুদেদের প্রশিক্ষণে।সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা তোফায়েল পেশায় একজন ব্যবসায়ী। নিশ্চিন্তপুরের খুদে ফুটবলারদের তিনি পড়াশোনা ব্যতীত বড় ফুটবলার হওয়া যাবে না বলে শুরুর দীক্ষাটা দেন। এরপর ফুটবলকে ধ্যানের মধ্যে আনতে শপথ গ্রহণ চলত রোজ। শপথ নেওয়া হতো। প্রায় তিন মাস স্বেচ্ছাসেবী হয়ে তাঁর সহযোগী নাসির, রকিবসহ এলাকার মানুষের প্রেরণা নিয়ে চালিয়ে যান প্রশিক্ষণ। জাতীয় পর্যায়ে এমন শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতায় তোফায়েল বলেন, ‘বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে “খেলা বিভাগ” চালু করলে ভবিষ্যতের ফুটবলার, ক্রিকেটার অনায়াসে বের হয়ে আসত।’বিন্দু থেকে সিন্ধু: দলের অধিনায়ক এমদাদ আহমদ পঞ্চম শ্রেণীর ছাত্র। এমদাদ বলে, ‘শুরুতে আমাদের পেছনে কেবল এলাকার মানুষ ছিলেন। এরপর বাড়তে থাকে। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ। আমাদের নিয়ে আশা-স্বপ্নটাও ছিল সামান্য। সামনে যে খেলা পড়ত, সে খেলায় জয়ী হওয়ার কথা বলা হতো।’দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালনকারী ফুটবলপ্রেমী মোস্তফা কামাল চৌধুরী বলেন, ‘রাজ্য ও পরগনা-শাসিত একটি জনপদ ছিল জৈন্তাপুর। সেই ঐতিহ্যে এলাকাবাসী খেলা-অন্তঃপ্রাণ। যেকোনো খেলাধুলা আর বিনোদনে মানুষের ঢল নামে। নিশ্চিন্তপুরের খুদে একটি দল সেই ঐতিহ্যের প্রেরণাকে আবার প্রকাশ করেছে।’ মোস্তফা বলেন, ‘১৭ জনের দলে একজনও আর্থিকভাবে সচ্ছল পরিবারের ছিল না। তাই এদের জন্য পুরো এলাকার মানুষের অন্য ধরনের টান ছিল। যে যেভাবে পেরেছে, সহযোগিতা করেছে। চূড়ান্ত খেলার দিন নিশ্চিন্তপুরের ঘরে ঘরে প্রার্থনা হয়েছে।’ খুদে ফুটবলারদের খেলা দেখার জন্য দেশে থেকে যাওয়া যুক্তরাষ্ট্র-প্রবাসী নজরুল ইসলাম দলের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘গোলপোস্টে যে ছেলেটি ছিল, তার নাম হোসেন আহমদ। ১৭টি খেলায় সে-ই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাকে সাহস দেওয়ার জন্য আমরা বলতাম, একটা বল ফেরালে পুরস্কার পাবে। তাতে সে উৎসাহী হয়ে গোল ফেরাত আর খেলা শেষে পুরস্কার বুঝে নিত।’বাজিমাত প্রথম খেলায়: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয় সেপ্টেম্বর মাসে। নিশ্চিন্তপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে প্রথম খেলা হয় উত্তর বাউরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খেলায় নিশ্চিন্তপুর ২-০ গোলে জয়ী হয়। দলের কোচ তখনো নির্ধারণ করা হয়নি। তবে অনেকটা কোচের মতো হয়ে সঙ্গী ছিলেন স্থানীয় ফুটবলপ্রেমী আবদুর রকিব ও নাসির উদ্দিন নামের দুই তরুণ। রকিব বলেন, ‘প্রথম খেলায় শুধু জয়ী নয়, সবার দৃষ্টি কাড়ে খুদে ফুটবলাররা। তখন তাদের “জঙ্গলের খেলোয়াড়” নামে ডাকা হতো।’ ইউনিয়ন পর্যায়ে জয়ী হওয়ার পর উপজেলা পর্যায়ে খেলার শুরুতে যথাযথ প্রশিক্ষণ শুরু হয়। ২৩ জন থেকে বাছাই করে ১৭ জনের দল গঠন করা হয়। শুরুর দিকে ওই দুই তরুণের তদারকির মধ্যে থাকলেও কয়েক দিন পরই কোচ নিয়োগ করা হয় নিশ্চিন্তপুরের কৃতী ফুটবলার শাহ আলম চৌধুরী তোফায়েলকে। আবদুর রকিব জানান, ১৭ জনের দলের সবাই ছিল অভাবী পরিবারের সন্তান। ঢাকায় যাওয়ার জন্য তাদের ভালো পোশাক ছিল না। শেষে যুক্তরাষ্ট্র-প্রবাসী নজরুল ইসলাম পোশাক কিনে দেন। পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক সহযোগিতা আর সার্বক্ষণিক উৎসাহ মূলত নিশ্চিন্তপুর থেকে ঢাকার ক্রীড়াপল্লিতে যেতে সাহসী করে তোলে।অভিনন্দনের জোয়ার: নিশ্চিন্তপুরের ছেলেরা বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে এলাকায় ফেরে ১৭ জানুয়ারি। তাদের বরণ করতে গ্রামবাসীর ঢল নামে। জৈন্তাপুর উপজেলা সদরে যাওয়ার পথে চলে ফুলেল শুভেচ্ছা। গণসংবর্ধনা দেওয়া হয় জৈন্তাপুর রাজবাড়ী মাঠে। সংবর্ধনায় স্থানীয় সাংসদ ইমরান আহমদ থেকে শুরু করে সব জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা খুদে ফুটবলারদের অভিনন্দিত করেন। সেই গণসংবর্ধনা আর বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ের প্রাবল্যে অন্য রকম হয়ে ওঠে পুরো জৈন্তাপুর। সেই আনন্দের রেশ এখনো মিলিয়ে যায়নি।