নিষিদ্ধ ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজার এলাকার ওষুধ মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার এবং বিক্রির সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড)।আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আবদুল জলিল, আজাদ, হায়দার, মাহমুদ হোসেন, আরমান হোসেন ও রনি।গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল পুরান ঢাকার বাবুবাজার আকমল খান রোডে সুরেশ্বরী মেডিসিন মার্কেটের চঞ্চল মেডিকেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ইউনানি ওষুধ জব্দ করে। পরে অভিযান দলটি আলী মার্কেটের লাদেনের মালিকানাধীন স্বাদ মেডিকেলে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ও ব্যথানাশক ভেজাল ওষুধ জব্দ করে।সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকল ও ভেজাল ওষুধের কথা জানতে পেরে বাবুবাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ধরনের আমদানি নিষিদ্ধ ও ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওষুধের আনুমানিক দাম প্রায় তিন লাখ টাকা। এ ব্যাপারে সিআইডির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা এবং গ্রেপ্তার করা ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপসচিব এস এম মনির হোসেন প্রথম আলোকে বলেন, নকল, ভেজাল ও আমদানি নিষিদ্ধ ওষুধ যাতে বিক্রি না হয়, সে জন্য প্রতিটি ব্যবসায়ীকে সমিতির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।