নিষিদ্ধ গাড়ির বিশেষ ব্যবসা
নিষিদ্ধ গাড়ি নিয়ে বিপাকে পড়েছে দুই সমুদ্রবন্দর। বেআইনিভাবে আমদানি করা পাঁচ বছরের পুরোনো ৩০০ গাড়ি চট্টগ্রাম ও মংলা বন্দরে আটকে রয়েছে। জরিমানা আদায় করে এসব গাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। কারণ, গাড়িগুলো ছেড়ে দিলে সরকার কিছু রাজস্ব পাবে। কিন্তু আইন অনুসরণে অনড় বাণিজ্য মন্ত্রণালয়। বিদ্যমান আমদানি নীতি (২০১২-১৫) অনুযায়ী, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি শুধু নিষিদ্ধ নয়, আগের আমদানি নীতিতেও এ নিষেধাজ্ঞা ছিল। গত ১৯ ডিসেম্বর থেকে এ আমদানি নীতি বলবৎ।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রথম আলোকে বলেন, বন্দর পর্যন্ত গাড়ি নিয়ে আসার পরে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়কে বলছেন যে তাঁদের আইন জানা ছিল না। এটা ব্যবসায়ীদের অজুহাত ও নির্জলা মিথ্যাচার।গাড়ি ছাড়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে তদবির করে ব্যর্থ হয়ে ঈদের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শরণাপন্ন হয়েছে এনবিআর। তবে, অর্থমন্ত্রী এখনো কোনো সমাধান দেননি।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই গাড়ি ব্যবসা চলে আসছে। একশ্রেণীর ব্যবসায়ী নিষিদ্ধ গাড়িসহ অন্যান্য পণ্য এনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমোদন নিয়ে ছাড় করান। এ জন্য বড় অঙ্কের অর্থের লেনদেন হয়। এর সঙ্গে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা মিলে একটি চক্র তৈরি হয়েছে। কিন্তু সম্প্রতি এই বিশেষ ব্যবসা বন্ধ হয়ে গেছে।এনবিআরের চেয়ারম্যান ও আইআরডি সচিব মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবতার কারণে আমরা মনে করি গাড়িগুলো ছেড়ে দেওয়া উচিত। কারণ, এ থেকে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব পাওয়া যাবে।’ বন্দর থেকে গাড়ি ছাড় করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পারমিট (সিপি) বাধ্যতামূলক। আমদানিকারকেরা তাই সিপির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছেন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তাঁরা যাচ্ছেন আদালতে। তবে প্রক্রিয়াগত ত্রুটির কারণে আদালতের রায় আমদানিকারকদের পক্ষে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় যথাযথ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়ের। গাড়ি আমদানিকারক এওয়াই করপোরেশনের স্বত্বাধিকারী মুসা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগে হাজার হাজার সিপি দেওয়া হলেও বর্তমান বাণিজ্যমন্ত্রী তা দিচ্ছেন না।’ অর্থমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে দেখা করেছেন উল্লেখ করে মুসা চৌধুরী বলেন, অর্থমন্ত্রী গাড়ি ছাড়করণের ব্যবস্থা করবেন বলে তাঁকে আশ্বাস দেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আদালতের নির্দেশও মানছে না কেউ। অথচ প্রতিদিন ক্ষতি গুনতে হচ্ছে।মন্ত্রণালয় থেকে আদালতপাড়ায়: এওয়াই করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান ৪৮টি পুরোনো গাড়ি ছাড় করাতে গত ২৪ এপ্রিল সিপি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। ১৫ মে ওই আবেদন নামঞ্জুর করে মন্ত্রণালয়। এর পরই এওয়াই করপোরেশন রিট করে হাইকোর্টে এবং ২৮ মে বাণিজ্যসচিবসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেন আদালত। বলা হয়, আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে সিপি দিতে হবে। আদেশটি মন্ত্রণালয়ে আসে ৯ জুন এবং সিপি দিতে বলা হয় ১২ জুনের মধ্যে।সূত্র জানায়, ১১ জুন এ আদেশের বিরুদ্ধে আপিলের জন্য আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখাকে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রী কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সঙ্গে। বাণিজ্যসচিব কথা বলেন আইনসচিবের সঙ্গে। কিন্তু কোনো কাজ হয়নি।আদালত সূত্রে জানা গেছে, ৪০ দিন পর গত ২২ জুলাই সরকারের পক্ষ থেকে আগের আদেশ স্থগিতের আবেদন জানানো হয় চেম্বার জজ আদালতে। চেম্বার জজ আদেশ দেন, এর পূর্ণাঙ্গ শুনানি দরকার। গতকাল বুধবার পর্যন্ত সেই শুনানির তারিখ ধার্য হয়নি। এরই মধ্যে গত ২৯ জুলাই এওয়াই করপোরেশন আদালত অবমাননার রিট করে বাণিজ্যসচিবের বিরুদ্ধে। পরের দিন ৩০ জুলাই এর শুনানি হয়। আদালত অবমাননার শুনানি চলাকালে বাণিজ্যসচিবের পক্ষের আইনজীবী সামছুল আলম বিষয়টি পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষায় রয়েছে বলে সনদ উপস্থাপন করলেও এ ব্যাপারে কোনো স্থগিতাদেশ না থাকায় তা গ্রহণ করেননি আদালত।আটকে রয়েছে ৩০০ গাড়ি: সম্প্রতি চট্টগ্রাম কাস্টম হাউস ও মংলা বন্দর কর্তৃপক্ষ (মবক) থেকে এনবিআরে পাঠানো তালিকায় দেখা যায়, রিকন্ডিশন্ড টয়োটা এলিয়ন, টয়োটা উইনডম, টয়োটা এলিয়ন পিসি কার, টয়োটা করলা, নিশান, ফোর্ড কার ইত্যাদি ৩০০ গাড়ি আটকে রয়েছে। বেশির ভাগ গাড়ি ছয় বছর বয়সী হলেও বেশ কিছু গাড়ি রয়েছে ৯ থেকে ১৬ বছরের পুরোনো। এ ছাড়া রয়েছে কিছু অ্যাম্বুলেন্স ও জেনারেটর। বিজি কালেকশন নামের আরেকটি প্রতিষ্ঠান নিষিদ্ধ জেনারেটর আমদানি করেছে। গাড়ির মতোই পাঁচ বছরের বেশি পুরোনো জেনারেটর আমদানিও নিষিদ্ধ। অথচ বিজি কালেকশন আমদানি করেছে ১৬ বছরের পুরোনো জেনারেটর। এ বিষয়টিও আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের আদেশে বিজি কালেকশনকে সিপি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে, যথাসময়ে আপিল না করায় আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখার বিরুদ্ধে এ নিয়েও অভিযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।যোগাযোগ করলে আইনমন্ত্রী শফিক আহমেদ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ নিয়ে সলিসিটর শাখাকে তৎপর হওয়ার নির্দেশ দেবেন।এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সঙ্গে যোগাযোগ করলে তিনি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এনবিআরের চেষ্টা: এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক) মো. ফজলুল হক বাণিজ্যসচিবের কাছে সম্প্রতি এক চিঠিতে জানিয়েছেন, আমদানিনিষিদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবে গাড়িগুলো খালাস হওয়া সম্ভব নয়। আবার নিলামও করা যাবে না। কারণ, নিলাম করতে গেলেও সিপি লাগবে। বাণিজ্য মন্ত্রণালয় যদি বিশেষ বিবেচনায় সিপি দিয়ে দেয়, তাহলে ২৪ কোটি ৫২ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারবে সরকার। অন্যদিকে, সিপি দেওয়া না হলে গাড়িগুলো ধ্বংস করতে হবে, যা করতে রাজস্ব খাত থেকে অর্থ ব্যয় করতে হবে। দীর্ঘদিন বন্দরে পড়ে থাকায় গাড়িগুলোর গুণগত মান খারাপ হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ২ আগস্ট অর্থমন্ত্রীর কাছে আইআরডি সচিবের পাঠানো সারসংক্ষেপে আমদানি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গাড়িগুলো খালাসের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে।তবে এসব পুরোনো গাড়ি আমদানির বিপক্ষে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)। সংগঠনটির সভাপতি মো. হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আইন না মেনে গাড়ি আমদানির পক্ষে নই আমরা।’ কিছু আমদানিকারকের জন্য গোটা খাতের ভাবমূর্তি সংকট তৈরি হচ্ছে বলে জানান তিনি। হাবিব উল্লাহ আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ইচ্ছামতো সিপি দেয় এবং এখানে অন্য খেলা কাজ করে। সিপির বিষয়টিই তুলে দেওয়া উচিত বলে তিনি মনে করেন।