নিষিদ্ধ জেনেও ফারুক সংসদ চলাকালে পিকেটিং করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবনের আশপাশে কোনো রকম সভা-সমাবেশ, মিছিল-পিকেটিং, জ্বালাও-পোড়াওসহ জনগণের ভোগান্তি হয়—এমন কর্মসূচি পালন করা নিষিদ্ধ এবং বেআইনি।বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক একজন জ্যেষ্ঠ সাংসদ হয়েও পুলিশের সঙ্গে চ্যালেঞ্জ করে ওই এলাকায় সংসদ অধিবেশন চলাকালীন পিকেটিং করেছেন। পুলিশকে ‘তুই তুকারি’ করে গালিগালাজ দিয়েছেন। আজ শনিবার শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।সাহারা বলেন, সংবিধানে বিসমিল্ল¬াহ আছে এবং থাকবে, এ নিয়ে কারও রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশের সব মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এতে কেউ বাধা দিতে পারবে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি হরতাল ডেকে সাধারণ গরিব মানুষকে কষ্ট দেয় আর নিজেদের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান চালু রাখে। তিনি বলেন, আগামী আড়াই বছরে শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে দেশের সন্ত্রাস নির্মূল করবেন এবং যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে বাস্তবায়ন করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী জেলার গোসাইরহাট ও ডামুড্যায় নবনির্মিত দুটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাংসদ আবদুর রাজ্জাক, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।