নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ রাখায় নয় ব্যবসায়ীকে জরিমানা, এক টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিনের ব্যাগ মজুদ, বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগর ও ফকিরাপুল বাজারে অভিযান চালিয়ে নয়জন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। এ সময় আদালত বিভিন্ন দোকান থেকে প্রায় এক টন পলিথিন জব্দ করেন।আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে রাজধানীর শান্তিনগর বাজারের মোহাম্মদ সুমনের দোকানে অভিযান চালান। সেখানে পলিথিনের ব্যাগ রাখার অপরাধে আদালত ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই বাজারের মো. তাজেল ও আলমের দোকানে অভিযান চালিয়ে তাঁদেরও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।পরে আদালত রাজধানীর ফকিরাপুল বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একই অপরাধে মোহাম্মদ জাহাঙ্গীর ও লোকমানকে এক হাজার টাকা, সোহেল রানাকে পাঁচ হাজার টাকা এবং ইউসুফ, ইসমাইল ও সাইদুরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যাগ বিক্রয় ও মজুদ রাখার অভিযোগে নয়জন ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে দোকানে দোকানে লিফলেট ও স্টিকার সাঁটিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ফকিরাপুল বাজারের পলিথিন ব্যাগের ব্যবসায়ী মোহাম্মদ সাঈদ পলাতক থাকায় তাঁর দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করে।