নিষিদ্ধ হওয়ার শঙ্কায় তিন বিকল্প নিয়ে ভাবছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এ আশঙ্কা সামনে রেখে পরবর্তী কর্মকৌশল নিয়ে দলটির নীতিনির্ধারকদের মধ্যে চিন্তাভাবনা ও আলোচনা চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রাথমিকভাবে তিনটি সম্ভাব্য বিকল্প নিয়ে দলটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। তা হলো: নিষিদ্ধ ঘোষণা করা হলে কিছু সময়ের জন্য রাজনৈতিক তৎপরতা স্থগিত রেখে সামাজিক কার্যক্রম জোরদার করা, নতুন নামে দল গঠন করা অথবা ধর্মভিত্তিক সমমনা নিবন্ধিত কোনো দলের সঙ্গে একীভূত হওয়া। আবার, দলটির নেতাদের একটি অংশ এ-ও মনে করে যে জামায়াতকে নিষিদ্ধ করার কাজ খুব সহজ হবে না।জানতে চাইলে জামায়াতের মুখপাত্র শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, জামায়াতকে নিষিদ্ধ করার মতো অগণতান্ত্রিক সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে বলে তাঁরা এখনো বিশ্বাস করেন না। কোনো বিকল্প চিন্তা নিয়ে আলোচনার কথাও তিনি অস্বীকার করেন। দলটির অপর একটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় নেতাদের বিচারের চেয়ে এই মুহূর্তে শাহবাগ আন্দোলনের গতি-প্রকৃতির দিকে বেশি নজর রাখছে জামায়াত। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে প্রচণ্ড চাপে পড়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াত। গত শুক্রবার ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর জামায়াতকে নিষিদ্ধ করার দাবি আরও জোরদার হয়। রাজীব হত্যার পরদিন তাঁর বাসায় স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ‘বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই।’ এর পরদিন রোববার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। এতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচার, সরকার ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান করা হয়।দলটির একাধিক সূত্র জানায়, এ সংশোধনীর পর মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সর্বোচ্চ সাজার পাশাপাশি দল হিসেবে জামায়াতও নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় দলের নেতা-কর্মীদের উগ্রপন্থী একটি অংশ নিষিদ্ধ করলে আত্মগোপনে চলে যাওয়ার পক্ষে। এ অংশটির যুক্তি হচ্ছে, দুই বছর ধরে সরকার জামায়াত-শিবিরের সঙ্গে যে আচরণ করে যাচ্ছে, তা অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতোই। তাই নিষিদ্ধ ঘোষণার পর আত্মগোপনে থেকে সরকারকে মোকাবিলা করাকে ভালো কৌশল বলে মনে করছেন তাঁরা।এ বিষয়ে জানতে চাইলে দলের মুখপাত্র শফিকুল ইসলাম দাবি করেন, ‘জামায়াতের কর্মীরা যেকোনো পরিস্থিতিতে সংগঠিত ও সুশৃঙ্খল থাকবেন। এর চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে জামায়াত এখন এতটাই জনসম্পৃক্ত যে এ দলকে নিষিদ্ধ করলেই জনবিচ্ছিন্ন হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়।’ অবশ্য, শাহবাগ আন্দোলনের আগে থেকেই আত্মগোপনে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। গ্রেপ্তার এড়াতে এসব নেতা নিজেদের মুঠোফোনও বন্ধ রেখেছেন। আত্মগোপনে থেকেই তাঁরা নিজেদের মতো করে কর্মীদের সঙ্গে যোগাযোগব্যবস্থা গড়ে তুলেছেন। এ অবস্থানে থেকেই হরতাল ঘোষণাসহ দলীয় কর্মসূচি ঘোষণা ও কর্মীদের সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। একটি সূত্র জানায়, জামায়াতকে নিষিদ্ধ করাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের মামলায় বড় ধরনের সাজার রায় দিলে সঙ্গে সঙ্গে মারমুখী কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত রয়েছে দলটির। বিশেষ করে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণা পর্যন্ত কর্মীদের সতর্কতার সঙ্গে চলাফেরা ও সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে রায়ের পরপর মাঠে নেমে সহিংস প্রতিক্রিয়া দেখাতে পারেন।