নিষিদ্ধ হিযবুত তাহরীরের আরও দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে একটি বাস থেকে হিযবুত তাহরীরের ২০-২৫ জন সদস্য পুরানা পল্টন মোড়ে নামে। তারা রিকশার যাত্রীদের কাছে লিফলেট বিতরণ করে। পরে তারা ব্যানারসহ একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে এগোতে থাকে। মিছিলটি প্রেসক্লাবের কাছে পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ওমর ফারুক ও শিফাত নামের দুজনকে গ্রেপ্তার করে। অন্যরা গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।বিতর্কিত সংগঠনটি বিক্ষোভ মিছিল করার দাবি করে গতকাল প্রথম আলো কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, শেখ হাসিনা ও তাঁর সরকারকে অপসারণ এবং খিলাফত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ মিছিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হিযবুত তাহ্রীর দেশের জনগণকে শেখ হাসিনার সরকার এবং বর্তমান ‘কুফর’ গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।এদিকে গত সোমবার রাজধানীর বাসাবো থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের সদস্য আলাউদ্দিন ও আবদুল কাইয়ুমকে পুলিশ গতকাল মঙ্গলবার এক দিনের রিমান্ডে নিয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পোস্টার জব্দ করা হয়। এতে লেখা ছিল, ‘শহীদের স্মরণে কাঁদো মুসলিম কাঁদো। সরকারের সহযোগিতায় ভারত কর্তৃক পিলখানা হত্যাকাণ্ড জাতি কখনো ভুলবে না।’এ ছাড়া গত রোববার রাতে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে সংগঠনটির আরেক সদস্য নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকেও উসকানিমূলক আটটি পোস্টার জব্দ করা হয়। এসব পোস্টারে বিডিআর বিদ্রোহ সম্পর্কে উসকানিমূলক বক্তব্য রয়েছে।