নিষিদ্ধ হিযবুত তাহ্রীর আবার প্রকাশ্যে
নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর আবার সংগঠিত হয়ে মাঠে নেমেছে। সংগঠনটি আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।এই কর্মসূচি সফল করতে এক সপ্তাহ ধরে হিযবুত তাহ্রীর নানা গোপন তৎপরতা চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে খবর রয়েছে। তারা নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও পোস্টার সেঁটেছে। গতকালও শাহবাগে বিভিন্ন পাবলিক বাসে কিছু তরুণকে প্রচারপত্র বিলি করতে দেখা গেছে।‘নবী (সা.)কে কটূক্তিকারী শংকর বিশ্বাসের ফাঁসি চাই,’ এবং ‘রাসুল (সা.)কে কটূক্তিকারীদের গ্রেপ্তার করো, ফাঁসি দাও’ শিরোনামে এসব পোস্টার ও প্রচারপত্রে মূলত ভারতবিরোধিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা হত্যায় সহায়তাকারী উল্লেখ করে ‘দেশের সেনাবাহিনীর ওপর মার্কিন-ব্রিটেন-ভারতের নিয়ন্ত্রণ নিশ্চিহ্ন করে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা’ ও খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। ঢাকার এই কর্মসূচি সামনে রেখে গত শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটি রাজধানীর বিভিন্ন পাড়ার মসজিদের সামনে ছোট ছোট মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। একইভাবে চট্টগ্রাম ও সিলেটে মিছিল-সমাবেশ করেছে তারা। এসব মিছিল-সমাবেশের ছবিসহ সংবাদ বিজ্ঞপ্তি তারা সংবাদপত্র কার্যালয়েও পাঠিয়েছে।ধর্মভিত্তিক উগ্রপন্থী এই আন্তর্জাতিক সংগঠন আবার সক্রিয় হয়ে ওঠার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, হিযবুত তাহ্রীরের মতো নিষিদ্ধ সংগঠনটি রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের কোনো সুযোগ পাবে না। তবে এ ধরনের কর্মসূচি ঘোষণার নেপথ্যে সংগঠনটির অন্য কোনো ফন্দি রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, সংগঠনটির তৎপরতায় এটা পরিষ্কার, তারা সস্তা ভারতবিরোধিতার পাশাপাশি সেনাবাহিনীতে উসকানি সৃষ্টির উদ্দেশ্য নিয়ে পোস্টার-প্রচারপত্র বের করে থাকে। নিষিদ্ধ অবস্থায় এর আগে গত ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের দ্বিতীয় বার্ষিকীকে উপলক্ষ করে তারা এমন প্রচারণা চালিয়েছিল। তখন পোস্টারে সশস্ত্র বাহিনীকে ‘প্রতিশোধস্পৃহায় জাগ্রত হওয়ার’ আহ্বান জানানো হয়। তাঁর মতে, সংগঠনটির বিদেশি যোগাযোগ ও অর্থের উৎস শনাক্ত এবং তা বন্ধ করা গেলে তাদের অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, হিযুবত তাহ্রীর ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করছে। তাদের বিভিন্ন সাংগঠনিক ওয়েবসাইট এ দেশে বন্ধ করে দিলেও এখনো হিযবুতের ঘোষিত একটি ওরয়েবসাইট (www.khilafah.com) চালু রয়েছে। ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনের ওপর নজরদারিতে যুক্ত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, হিযবুত তাহ্রীরের বাংলাদেশের শীর্ষ নেতা হিসেবে পরিচিতরা প্রায় সবাই কারাগারে। কিন্তু সাম্প্রতিক তৎপরতায় মনে হচ্ছে, সংগঠনটির নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। মূলত নগরকেন্দ্রিক সংগঠনটি রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো সদস্য সংগ্রহ করছে। তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুলের কিছু শিক্ষক নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে যুক্ত। তাঁরা নতুন সদস্য সংগ্রহে বড় ভূমিকা রাখছেন। তাঁরা সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের লক্ষ্য করে সংগঠনের সদস্য সংগ্রহের কর্মসূচি চালাচ্ছেন এবং তাঁদের মধ্যে পবিত্র ধর্মের নামে উগ্র মতবাদ ছড়িয়ে দিচ্ছেন।২০০১ সালে সংগঠনটি এ দেশে আত্মপ্রকাশের পর থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘কুফর’ আখ্যায়িত করে তাদের ভাষায় ‘খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠার কথা বলত। তারা বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে সভা-সেমিনার এবং প্রচারপত্রের মাধ্যমে কার্যক্রম চালাত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে রাস্তায় মিছিল-সমাবেশ করে শক্তিমত্তার মহড়া দিতে শুরু করে তারা। এমনকি জরুরি অবস্থা ভঙ্গ করে রাজপথে পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়।বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর ধর্মভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ এবং জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।