নিষেধাজ্ঞা অমান্য করে জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাই। জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাই গতকাল শনিবার আবারও বিয়ে করেছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।রাজধানী হারারেতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৫ বছর বয়সী এলিজাবেথ মাচেকার (৩৫) সঙ্গে আংটি বদল করেন চেঙ্গারাই। আদালতের নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে প্রচলিত এক বিবাহ আইনের পরিবর্তে ঐতিহ্যবাহী বিবাহ আইনে বিয়ে করেন তিনি। এই আইনে বহুবিবাহ বৈধ। তাঁদের এই বিয়ের অনুষ্ঠানে কয়েক শ অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে চেঙ্গারাইয়ের পরনে ছিল কালো স্যুট। কনে মাচেকার পরনে ছিল সাদা গাউন।চেঙ্গারাইয়ের বহু প্রেম আর বিবাহের গল্প নতুন নয়। ৬০ বছর বয়সী এই নেতার বিয়ের পরিকল্পনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তাঁর এক সাবেক প্রেমিকা আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দেশটির একটি আদালত চেঙ্গারাইয়ের বিয়ে বন্ধের আদেশ দেন।এ ঘটনার আগে চলতি সপ্তাহের শুরুর দিকে চেঙ্গারাইয়ের সাবেক এক প্রেমিকা তাঁর বিয়ে বন্ধের চেষ্টা করেছিলেন। ওই প্রেমিকা দাবি করেন, জিম্বাবুয়ের ঐতিহ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে।এর এক দিন পরই দ্বিতীয় এক নারী চেঙ্গারাইয়ের বিয়ে বন্ধ করতে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রেম চলছে। বিয়েও ঠিক হয়ে আছে। হাইকোর্ট ওই নারীর আবেদন নাকচ করেন। তবে এক বিচারক ওই নারীর আপিল গ্রহণ করে চেঙ্গারাইয়ের বিয়ে বন্ধ করার আদেশ দেন।