নিষেধাজ্ঞা ও পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, পাল্টা কর্মসূচি ও নিষেধাজ্ঞা জারি করে বিরোধী দলের গণমিছিল বন্ধের পরিণতি শুভ হবে না। তিনি অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ আহ্বান জানান। কাকরাইলের আইডিইবি ভবনে আজ শনিবার বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।বিএনপির চেয়ারপারসন বলেন, চট্টগ্রামের জনসভা থেকে ২৯ জানুয়ারির গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ মাত্র দুই দিন আগে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। আর একে অজুহাত হিসেবে ব্যবহার করে পুলিশ রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে জনস্রোত দেখে সরকার ভীত হয়ে পড়েছে। তাই কর্মসূচি বাতিল করতে এই অপকৌশল নিয়েছে।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা অনিশ্চিত সময়ের মধ্যে বাস করছি। হতাশা ও অন্ধকার গ্রাস করছে প্রতিটি শ্রেণী-পেশার মানুষকে। সরকার অসহিষ্ণু। রাজনীতি অস্থির। হিংসা-বিদ্বেষ, নির্মমতা-নিষ্ঠুরতা, দ্বন্দ্ব-সংঘাত, অবক্ষয়-মিথ্যাচার, অপকৌশল-অবিচার বর্তমানে নিত্যদিনের ঘটনা। এটা কোনো সুস্থ ও স্বাভাবিক অবস্থা নয়। সবার মিলিত চেষ্টায় এই ভয়ঙ্কর অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জাতিকে মুক্তি দিতে হবে এই ঘোর দুর্দিন থেকে।’খালেদা জিয়া বলেন, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তোলা এই গুরুতর অভিযোগ তদন্তে সহায়তা এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা জাতীয় স্বার্থেই প্রয়োজন ছিল। কিন্তু তা না করে সরকার হাস্যকর ও লজ্জাজনক গলাবাজির আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে এবং অপরাধীদের রক্ষা করতে চাইছে। উদ্ভট ও অবাস্তব প্রক্রিয়ায় পদ্মা সেতুর জন্য অর্থায়নের কথা সরকারের উচ্চপর্যায় থেকে বলা হচ্ছে। তিনি বলেন, ‘এই ধোঁকাবাজির রাজনীতি কোনো সুফল বয়ে আনবে না।’আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য দেন।