প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশি জনশক্তি নেওয়ার জন্য কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, চিকিত্সক, প্রকৌশলী, পেশাজীবী, নার্স এবং আধা দক্ষ ও দক্ষ শ্রমিকসহ বিভিন্ন পেশার সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে চমত্কার অবস্থানে রয়েছে। খবর বাসস ও ইউএনবির।গত সোমবার সন্ধ্যায় বায়ান প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল আহমেদ আল সাবাহর দেওয়া ভোজসভায় বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৬ সালের অক্টোবরে কুয়েত বাংলাদেশি জনশক্তি নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি কুয়েতের প্রধানমন্ত্রীকে বলেন, নির্মাণ, বিমান পরিবহন, বিদ্যুত্, পানি, পেট্রোকেমিক্যাল ও গ্যাস এবং স্বাস্থ্য ও আতিথেয়তা খাতেও অভিজ্ঞ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন পর্যাপ্ত জনশক্তি বাংলাদেশের রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার এখনো অনেক ক্ষেত্র অব্যবহূত আছে। তিনি বলেন, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র সন্ধান এবং বিনিয়োগের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে। শেখ হাসিনা বলেন, সরকার বাংলাদেশের জনশক্তিকে বিদেশে পাঠানোর আগে নিয়োগকারী দেশের আইন, আচার ও মূল্যবোধ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী বলেন, কুয়েত ২০০০ সালের নভেম্বরে উভয় দেশের স্বাক্ষরিত ‘জনশক্তিসংক্রান্ত দ্বিপক্ষীয় কারিগরি সহযোগিতা চুক্তি’ অনুমোদন করলে দেশটির উন্নয়নে বাংলাদেশ থেকে গুণগত মানসম্পন্ন শ্রমশক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন, পলি জমে ভরাট হওয়া নদনদী খননের জন্য ১৩টি ড্রেজার সংগ্রহ, কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতু এবং এর তলদেশে টানেল নির্মাণ, ঢাকার মৌচাক-মগবাজারে উড়াল সেতু (ফ্লাইওভার) নির্মাণ, কয়লাচালিত দুটি বিদ্যুেকন্দ্র এবং চট্টগ্রামে আরও দুুটি তেলচালিত বিদ্যুেকন্দ্র নির্মাণে কুয়েতের সহযোগিতা চান। শেখ হাসিনা আরও বলেন, এ ছাড়া বিদ্যুত্, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, সিরামিকস, ওষুধ, বস্ত্র, আইসিটি, আবাসন, গ্যাস ও জ্বালানি, চামড়া, আসবাব এবং কৃষিভিত্তিক শিল্পে বাংলাদেশের জন্য কুয়েতি বিনিয়োগ প্রয়োজন। কুয়েতের প্রধানমন্ত্রীকে তিনি জানান, বাংলাদেশের বিনিয়োগ নীতি খুবই অনুকূল। তিনি বলেন, বাংলাদেশ থেকে কুয়েত উচ্চমানের তৈরি পোশাক, ওষুধ, সিরামিকস, চামড়াজাত সামগ্রী, হস্তশিল্প ও পাটের তৈরি পণ্য আমদানি করতে পারে।অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদ রেজা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল আহমেদ আল সাবাহর মধ্যে সোমবার বায়ান প্রাসাদে আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠক শেষে দেশ দুটি চারটি চুক্তি সই করে। এসব চুক্তির মধ্যে রয়েছে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, পর্যটনশিল্পের বিকাশ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে যৌথ কমিশন। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি রাষ্ট্রদূতদের সাক্ষাত্: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং বিদেশি বিনিয়োগকে উত্সাহিত করতে সর্বাত্মক আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে আরব দেশগুলোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় কুয়েত সিটির বায়ান প্রাসাদে আটটি আরব দেশ—সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করলে তিনি এ নির্দেশ দেন।বাংলাদেশি সমপ্রদায়ের সংবর্ধনা: গতকাল বিকেলে বায়ান প্রাসাদে কুয়েতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় প্রধানমন্ত্রীর সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে স্থানীয় আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কতিপয় লোকের অপকর্মের জন্য আমাদের শ্রমবাজার বিনষ্ট হতে দেওয়া হবে না। বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্দেশে ভাষণ: প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতায় কুয়েতের সুবহানি সেনানিবাসে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্দেশে গতকাল ভাষণ দেন। তিনি বাংলাদেশি সেনাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী কুয়েতের স্বাধীনতাযুদ্ধ জাদুঘর, কুয়েত তেল কোম্পানি ও কুয়েত সায়েন্টিফিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন। কুয়েত-ইরাক যুদ্ধের পর দেশটিতে মাইন অপসারণকালে নিহত বাংলাদেশি সেনাদের সম্মানে কুয়েত স্বাধীনতাযুদ্ধ জাদুঘরে একটি পৃথক প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।দেশের পথে রওনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতে তিন দিনব্যাপী সরকারি সফর শেষে গতকাল রাতে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মুহাম্মদ আল আহমদ আল সাবাহ বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক বিদায় জানান। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা।