নিষেধাজ্ঞা প্রত্যাহার মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। তবে এবার সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নেবে দেশটি। গতকাল সোমবার পুত্রজায়ার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পুত্রজায়া থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে জানান, বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রানিয়াম জনশক্তি রপ্তানির ওই চুক্তিতে সই করেছেন। জাফর আহমেদ জানান, মানব পাচার ও অপরাধ দমনসংক্রান্ত আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। তাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হোসেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর স্বাক্ষর করেছেন। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধনের মাধ্যমে যোগ্য লোক পাঠানো হবে।