পল্টন ময়দানে নিষেধাজ্ঞা ভেঙে জনসভা করার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে জামায়াতে ইসলামী। গত রোববার দলটি জানিয়েছিল, নিষেধাজ্ঞা ভেঙে তারা পল্টনে জনসভা করবে। তবে গতকাল সোমবার দুপুরে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সংবাদ সম্মেলন করে ‘আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে’ সমাবেশ মুলতবি করার কথা জানান।এদিকে গতকাল ভোরে পল্টন এলাকায় মিছিল করার সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের ৫৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।দুপুরে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুজাহিদ জানান, জামায়াতের সমাবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার ছয়টি বিভাগীয় শহরে বিক্ষোভ ও কাল বুধবার প্রতিটি জেলা শহরে বিক্ষোভ করবে জামায়াত। এর পর কী করবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘সবুরে মেওয়া ফলে। ওস্তাদের মাইর শেষ রাইতে।’পল্টন ময়দানে জামায়াতের গতকালের সমাবেশের দিন একই স্থানে সমাবেশ ডেকেছিল যুবলীগ। পুলিশ রোববার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ময়দানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, জনসভা বানচাল করার জন্য গতকাল পর্যন্ত পুলিশ জামায়াতের শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে।সমাবেশ স্থগিত করার কারণ ব্যাখ্যা করে মুজাহিদ বলেন, জামায়াত গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপ্রিয় দল। জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে। তাই বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করে পল্টন ময়দানের সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে ১৪৪ ধারা ভাঙার ঘোষণা দেওয়া হয়েছিল কেন—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘গতকাল (রোববার) পর্যন্ত আমরা দাবি করেছি, ১৪৪ ধারা প্রত্যাহার করা হোক। সরকার ভুল করেছিল। আমরা সরকারকে ভুল সংশোধনের সুযোগ দিয়েছিলাম। তাছাড়া গতকাল (রোববার) পর্যন্ত আমাদের মাঠের (পল্টন ময়দান) বরাদ্দ ছিল। আজ (গতকাল) তারা হঠাৎ বরাদ্দ বাতিলের কথা জানিয়েছে।’সরকার অভিযোগ করছে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বানচাল করতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে জামায়াত। এই সমাবেশ এরই অংশ। জবাবে মুজাহিদ বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশকে যারা ষড়যন্ত্রের অংশ মনে করে, তাদের মানসিক চিকিৎসা করা দরকার।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আমরা হিসাবের মধ্যেই ধরি না।’ বর্তমান সরকারের এ উদ্যোগ ‘বাতাসে উড়ে যাবে’ মন্তব্য করে মুজাহিদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার একটি মিথ্যাচার। একে আমরা গুরুত্ব দিই না। এটা বাতাসে উড়ে যাবে, ইনশাআল্লাহ্।’ভারতের নাম উল্লেখ না করে মুজাহিদ দাবি করেন, এখন বিদেশি দূতাবাসে ভিনদেশি সেনা ঢোকানোর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জামায়াতের সমাবেশ বাতিলের সংশ্লেষ আছে।আমেরিকা ও কানাডার দূতাবাসে আগে থেকেই বিদেশি নিরাপত্তা বাহিনী ছিল। এ বিষয়ে জামায়াতের অবস্থান কী—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্নকারী যেকোনো বিষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান।’ জোট সরকারের অংশীদার হিসেবে জামায়াত ক্ষমতায় থাকাকালেও এই দুটি দূতাবাসে বিদেশি নিরাপত্তা বাহিনী অবস্থান করত—সাংবাদিকেরা এমন তথ্য তুলে ধরলে মুজাহিদ সুস্পষ্ট কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘আমাদের অবস্থান তখন যা ছিল, এখনো তা-ই।’৫৫ নেতা-কর্মী কারাগারে: আমাদের আদালত প্রতিবেদক জানান, জামায়াতের গ্রেপ্তার করা নেতা-কর্মীদের ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলিফ হুসাইনের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় পল্টন থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্তব্যে বাধা দেওয়া ও সরকারি মালামালের ক্ষতি করার অভিযোগ আনে পুলিশ। পল্টন থানায় ১২ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। আদালত ৫৫ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পল্টন থানার পুলিশ জানায়, সোমবার ভোরে বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করেন জামায়াতের কর্মীরা। পরে মতিঝিল থানার পুলিশের সহায়তায় পল্টন-বিজয়নগর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।