নিষেধাজ্ঞা সত্ত্বেও উপকূলে জাটকা নিধন চলছেই
সরকার গত ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত ছয় মাস জাটকা নিধনের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও বরগুনাসহ দক্ষিণ উপকূলের জেলেরা জাটকা নিধন অব্যাহত রেখেছেন। একশ্রেণীর মহাজন গরিব জেলেদের মাঝে মোটা অঙ্কের অর্থ লগ্নি করে জাটকা ধরায় উৎসাহ জোগাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ও পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দর থেকে প্রতিদিন কয়েক শ মণ জাটকা ইলিশ বাস, লঞ্চ ও ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। গত ৩ নভেম্বর পাথরঘাটায় অবস্থানরত কোস্টগার্ডের সদস্যরা বরগুনা-তালতলীগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ৫০ মণ জাটকা উদ্ধার করেন। গত ৪ নভেম্বর বিকেলে বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাস থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম অভিযান চালিয়ে উদ্ধার করেন জাটকাভর্তি তিনটি কার্টুন। বরগুনার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গোপসাগর ও বরগুনা উপকূলের পায়রা, বিষখালী, বলেশ্বর নদীতে প্রতিদিন ছোট ফাঁসের জাল দিয়ে জেলেরা জাটকা নিধন অব্যাহত রেখেছেন। বরগুনা সদরের বিষখালী নদী তীরের জেলে আ. সালাম বলেন, ‘মহাজনের কাছ দিয়া দাদন আনছি। জাটকা না ধরলে খাওন-পরণ ও দাদনের টাহা পরিশোধ করমু কি দিয়া।’ এদিকে ১ নভেম্বর থেকে জাটকা নিধনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো প্রচার-প্রচারণা চালানো এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়নি। ফলে জেলেরা দ্বিগুন উৎসাহে জাটকা নিধন কার্যক্রম চালাচ্ছেন । এ প্রসঙ্গে পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, ‘এবার কোনো প্রচার-প্রচারণা নেই। আর জেলেরা দাদন নেন ঠিক কিন্তু জাটকা নিধনের জন্য মাছের ব্যবসায়ীরা এসব দাদন দেন, তা ঠিক নয়। জাটকা ধরার জন্য ছোট ফাঁসের যে বিশেষ জাল ব্যবহার করা হয়, সেই জাল উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিলেই তো জাটকা নিধন বন্ধ হয়ে যায়।’মহীপুর আড়তদার সমিতির সভাপতি গাজী ফজলুল হক বলেন, ‘প্রত্যেক বছর মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের মাঝে প্রচার চালান। কিন্তু এবার তাঁরা আসেননি। আর জাটকা ধরাও তেমন বন্ধ হয়নি।’জেলা মৎস্য বিভাগের বিশেষজ্ঞরা জানান, ২০০৩ সাল থেকে সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ধরার ওপর নিশেধাজ্ঞা জারি করে। সে লক্ষ্যে প্রজনন মৌসুম ও ইলিশের প্রজনন ক্ষেত্র নির্ধারণের জন্য দেশের নদ-নদী মোহনায় বিশেষ জরিপ চালানো হয়। জরিপের ফলাফল অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের পূর্ণিমা তিথিতে মা ইলিশ সাগর থেকে উপকূলের নদ-নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে। পাশাপাশি উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকার উপকূল ভাগের ১১টি স্থানকে ইলিশের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় নির্বিঘ্নে মা ইলিশ যাতে ডিম ছাড়তে পারে, সে জন্য প্রতিবছর ১৫ থেকে ২৪ অক্টোবর এই ১০ দিন সব ধরনের ইলিশ শিকার নিষিদ্ধ করে সরকার। আর ১ নভেম্বর থেকে ৩১ মে এই সাত মাস জাটকা নিধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।বেসরকারি সংস্থা কোডেকের মৎস্যবিষয়ক গবেষক হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, মা ইলিশ সাধারণত, যে স্থানে ডিম ছাড়ে সেই স্থানে টানা ছয়-সাত মাস বাস করে বাচ্চাদের পরিপূর্ণতার জন্য। এই বয়সে একটি বাচ্চা ইলিশ উচ্চতায় নয় ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর এসব বাচ্চা ইলিশ সাগরে চলে যায়। মূলত ইলিশের উৎপাদন বাড়াতে ও ইলিশ সম্পদ রক্ষায় এই বেড়ে ওঠার সময়টাকে নির্বিঘ্ন রাখা জরুরি। এদিকে এই সাত মাস প্রান্তিক জেলেদের পুনর্বাসনের জন্য সরকার খাদ্যশস্য ও নগদ অর্থসহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এবার এখনো এই বরাদ্দ আসেনি।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, গত বছর এ জেলায় ৯৬৫ জন জেলের মধ্যে ৬৯ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। আর ১৯ হাজার ৭৮৪ জন জেলেকে মাসে ৩০ কেজি করে চাল (চার মাস) দেওয়া হয়। কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ২৩ অক্টোবর বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেন, এবার এখনো বরাদ্দ আসেনি বলে প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত শুরু করতে পারিনি। ৩৫ লাখ নগদ টাকা ও চার মাস ধরে ৩০ কেজি (প্রতি মাসে) করে চাল সহায়তা দেওয়া হয় প্রায় দেড় হাজার জেলেকে। জেলায় ক্ষুদ্র জেলের সংখ্যা প্রায় ৫০ হাজার কিন্তু পুনর্বাসন সহায়তা পায় খুব সামান্য অংশ।