নিষেধাজ্ঞা সত্ত্বেও কাল পল্টন ময়দানে যাবে জামায়াত
সভা-সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) সত্ত্বেও কাল সোমবার পল্টন ময়দানে সমাবেশ করতে যাবে জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফল করতে সরকার সব ধরনের প্রতিবন্ধকতা দূর করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি।সমাবেশের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে আজ বোববার বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই জনসভা পল্টন ময়দানেই করব।’তাহলে কি জামায়াত ১৪৪ ধারা ভাঙতে যাচ্ছে, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘আমরা ভাঙার চেয়ে সরকারকেই তা প্রত্যাহার করে নেওয়া উচিত।’ দলের সাংসদ ও ঢাকা মহানগর শাখার সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এ সময় বলেন, ‘আমাদের মাঠের অনুমতি আছে। মাঠে আমরা যাব।’সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এগুলো হলো কাল পল্টন ময়দানে যুবলীগের কর্মসূচি প্রত্যাহার করা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পল্টন ময়দান ও তার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করা এবং কাল পল্টন ময়দানে জামায়াতের জনসভা সফল করতে মাইক ব্যবহারের অনুমতি দেওয়া।লিখিত বক্তব্যে মুুজাহিদ বলেন, পল্টন ময়দানে সমাবেশ করতে অনুমতি চেয়ে হামিদুর রহমান আজাদ ১০ মে জাতীয় ক্রীড়া পরিষদে আবেদন করেন। ১৮ মে আবেদন মঞ্জুর হলে দেড় লাখ টাকা জামানত হিসেবে জমা দেন। এরপর ক্রীড়া পরিষদ তাঁদের ৩১ মে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেয়। ওই দিনই এই অনুমতিপত্রের অনুলিপি স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ১১ জনকে পাঠানো হয়। এরপর ২০ মে তিনি জনসভা সফল করতে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন।মুজাহিদ বলেন, ৩১ মে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে ২৯ মে পর্যন্ত ক্রীড়া পরিষদে কেউ আবেদন করেনি। এরপর গতকাল শনিবার যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আগেই আবেদন করেছিল এবং জামায়াতের সমাবেশের কথা তারা জানত না। যুবলীগের এই দাবি সত্যের অপলাপ। জামায়াতের সমাবেশস্থলে জনসভা করার ঘোষণা দিয়ে যুবলীগ হিংসা-বিদ্বেষের নোংরা নজির স্থাপন করেছে।সংবাদ সম্মেলনে জানানো দাবি মানা না হলে জামায়াত কী করবে, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘আমরা বসে পর্যালোচনা করে পদক্ষেপ গ্রহণ করব। সরকার যদি আমাদেরকে রাজপথে ঠেলে দেয়, তাহলে বাস্তব অবস্থা দেখেই সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য এখনো দৃঢ় অবস্থান নিয়ে আছি। বাধা দেওয়ার পরিণতি কোন দিকে যায়, তা সরকারের জানা আছে।’জামায়াত সমাবেশের তারিখ পরিবর্তন করবে কি না, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘আমরা তো তারিখ পরিবর্তন করার কোনো কারণ দেখি না। আমাদের সমাবেশের দিন যুবলীগ সমাবেশ ডেকেছে। তাদেরই উচিত দিনক্ষণ পরিবর্তন করা।’উল্লেখ্য, পানি, বিদ্যুত্, গ্যাসের দাবি ও ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে কাল সোমবার পল্টন ময়দানে সমাবেশ ডেকেছে জামায়াত। এদিকে একই দিন একই জায়গায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী যুবলীগ। এ অবস্থায় গতকাল শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় আজ রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।