নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহীতে আমিনীর সমাবেশের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নগরের মাদ্রাসা ময়দানে কাল বৃহস্পতিবার বিভাগীয় মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামি আইন বাস্তবায়ন কমিটি। সমাবেশে বাধা দিলে হরতাল ডাকারও হুমকি দিয়েছে তারা।আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসমাবেশের সমর্থনে বের করা মিছিলে পুলিশ বাধা দিলে তারা এই ঘোষণা দেয়।আগামীকালে সমাবেশে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার কথা।একই স্থানে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ আহ্বান করার কারণে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় রাজশাহী মহানগর পুলিশ সমাবেশ এলাকায় দুই দিনের নিষেধাজ্ঞা জারি করে। আজ রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, গত মঙ্গলবার রাতে পত্রিকা অফিসগুলোতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের সিপাইপাড়া সরকারি মাদ্রাসা ময়দানে আগামী বৃহস্পতিবার বিকেল তিনটায় নারীনীতির প্রতিবাদে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির নামে রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। কিন্তু একই সময় ওই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও নারীনীতির অপব্যাখ্যার প্রতিবাদে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ আহ্বান করে। এতে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।এ ঘটনায় মহানগর পুলিশ অধ্যাদেশ-১৯৯২-এর ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে মাদ্রাসা ময়দান এবং তার আশপাশের এলাকায় সকল সভা, সমাবেশ এবং মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়। একই সঙ্গে ওই এলাকায় লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়।রাজশাহী ইসলামি আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মো. আবদুস সামাদ বলেন, মহাসমাবেশ করতে না দেওয়ার জন্য এ সরকার ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার একই সময় নগরের ভুবনমোহন পার্কে ওই সমাবেশ করার চেষ্টা করা হবে। সেখানেও সমাবেশ করতে না দিলে এর প্রতিবাদে কাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হবে এবং হরতালের ডাক দেওয়া হবে।