নিষেধাজ্ঞার বিষয়ে আইনি লড়াই করবে বুয়েট শিক্ষক সমিতি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের ওপর হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়ে আইনি লড়াই করবে বুয়েট শিক্ষক সমিতি। তবে আন্দোলনের বিষয়ে এখনই শিক্ষক-শিক্ষার্থীদের আর কোনো দিকনির্দেশনা দেবে না তারা। আজ শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সভায় সমবেত শিক্ষকেরা উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া আইনি বিষয়গুলো দেখার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। তবে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষক সমিতি আন্দোলনের বিষয়ে আপাতত কোনো দিকনির্দেশনা দেবে না। বুয়েটের ভর্তি পরীক্ষা ও শিক্ষাকার্যক্রম শুরু করার বিষয়ে কর্তৃপক্ষ উদ্যোগ নিলে শিক্ষক সমিতি সহায়তা করবে কি না জানতে চাইলে মুজিবুর রহমান বলেন, ‘এটা এখন শিক্ষকদের ব্যক্তিগত বিষয়। নিজ দায়িত্বে কেউ যোগ দিলে তাঁকে বাধা দেওয়া হবে না।’ তিনি নিজে যোগ দেবেন কি না—এ প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু ভাবিনি। পরিস্থিতির আলোকে ভাবব।’ বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে গত ১১ জুলাই থেকে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার আন্দোলন করে আসছিলেন। টানা ২০ দিন আন্দোলনের পর গত ৩১ জুলাই হাইকোর্ট এই আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।