নিষেধাজ্ঞায় কোণঠাসা ধর্মভিত্তিক দলগুলো
মুখে নানা হুমকি-ধমকি দিলেও মিছিল-সমাবেশের ওপর পুলিশি নিষেধাজ্ঞার মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে আন্দোলরত ধর্মভিত্তিক দলগুলো। এত দিন ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়, নারীনীতি ও শিক্ষানীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে সরব ছিল ধর্মভিত্তিক ও কওমি মাদ্রাসাকেন্দ্রিক কিছু দল ও সংগঠন। এর মধ্যে তাদের তিনটি মুখ্য দাবির অন্যতম ‘ফতোয়ার’ পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফতোয়ার পক্ষে গত বৃহস্পতিবার রায় দিয়েছেন। এখন এ দলগুলো নতুন দাবি তুলছে। সেটা হলো—সংবিধানে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ তুলে না দেওয়ার দাবি। এর সঙ্গে ‘পর্দা করতে বাধ্য করা যাবে না’ মর্মে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে।এসব দাবিতে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আজ শনিবার বিকেল তিনটায় রাজধানীর মুক্তাঙ্গনে মহাসমাবেশ ডেকেছে। অবশ্য পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘মুক্তাঙ্গনসহ আশপাশের এলাকায় এর আগে জারি করা নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। তাই আজ কাউকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না।’ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী গত রাতে প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে তাঁরা মঞ্চ তৈরি করতে মুক্তাঙ্গনে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়।এর আগে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল শেষে পুরানা পল্টনে এক সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘যেকোনো মূল্যে আমরা সমাবেশ (আজকের) কামিয়াব করব।’এর আগে সম্প্রতি পুলিশি নিষেধাজ্ঞার কারণে ঢাকায় তিনটি ও ঢাকার বাইরে চারটি সমাবেশ করতে ব্যর্থ হয়েছে ধর্মভিত্তিক দলগুলো।ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেকায়দায় আছে জামায়াতে ইসলামী। দলটি অনেক দিন পর যেকোনো মূল্যে গত ৫ এপ্রিল মুক্তাঙ্গনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পুলিশের লাঠিপেটার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।অবশ্য ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের পর থেকে জামায়াত-শিবিরের সভা-সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। সেই থেকে গত দুই বছর জামায়াত উন্মুক্ত কোনো স্থানে কোনো সমাবেশ করতে পারেনি।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ প্রথম আলোকে বলেন, ‘দেখি, সরকার নিষেধাজ্ঞা দিয়ে কত দিন রাখতে পারে, আমরাও কত দিন সহ্য করতে পারি।’জামায়াত ছাড়া অন্য দলগুলোর ক্ষেত্রে মিছিল-সমাবেশে প্রথম নিষেধাজ্ঞা জারি হয় গত ২৭ এপ্রিল মুক্তাঙ্গনের সমাবেশে। কওমি মাদ্রাসাভিত্তিক ১১টি দলের মোর্চা সর্বদলীয় ইসলামী ঐক্যপরিষদ ওই সমাবেশ ডেকেছিল। সর্বশেষ মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ৬ মে খুলনা, ৭ মে কুষ্টিয়া, ৯ মে ব্রাহ্মণবাড়িয়া ও ১২ মে রাজশাহীর সমাবেশ পুলিশের নিষেধাজ্ঞায় পণ্ড হয়ে যায়। এর পরও দলটি ২৭ মে মুক্তাঙ্গনে সমাবেশ ডেকেছে। মুফতি আমিনী যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ইসলামি দলগুলোর ওপর নির্যাতন করে নিষেধাজ্ঞা দিয়ে সরকার নিজের পায়ে কুড়াল মারছে। সহ্যের বাঁধ যখন ভাঙবে, তখন কেউ ধরে রাখতে পারবে না।পুলিশের নিষেধাজ্ঞার কারণে এর আগে ২ ও ৩ মে ইসলামী আন্দোলন বাংলাদেশও গণ-অবস্থান কর্মসূচি পালনে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে ৫ মে আবার মুক্তাঙ্গনে সমাবেশ করার ঘোষণা দিলে পুলিশ আবারও নিষেধাজ্ঞা জারি করে। পরে দলটি পুরানা পল্টনের হাউস বিল্ডিংয়ের গলিতে গিয়ে সমাবেশ করে।ফতোয়ার জায়গায় সংবিধান: এদিকে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’—এ কথা সংবিধানে বহাল রাখার দাবিতে গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরানা পল্টনে সমাবেশ করেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের নেতারা সমাবেশে অভিযোগ করেন, ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ তুলে দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজনের চেষ্টা করছে সরকার।দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন এ উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় ফতোয়াবিরোধী আন্দোলনের মতো এর বিরুদ্ধেও তাঁরা রাজপথে নামবেন। এ ছাড়া পর্দার বিষয়ে হাইকোর্টের রায় বাতিলের দাবি দলটির সাত দফা দাবির অন্যতম।এ ছাড়া গতকাল জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায়ও সংবিধানে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও পূর্ণ বিশ্বাস’ হুবহু বহাল রাখার দাবি করা হয়। মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে আলোচনায় দলের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, পিডিপির সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য দেন।