নিষেধাজ্ঞায় ঢাকার বাস পাচ্ছে না, অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর থেকে ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য বাস-কোচ ভাড়া দিতে পরিবহন মালিকেরা অনীহা প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। পুলিশ এ ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।আজ বৃহস্পতিবার শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম সাইফুল ইসলাম পুলিশি নিষেধাজ্ঞার ব্যাপারে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।জেলা বিএনপির সভাপতি জানান, ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য শেরপুরের পাঁচটি উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী মানসিক প্রস্তুতি নিয়েছেন। এ জন্য ঢাকায় যেতে অন্তত শতাধিক বাস-কোচ প্রয়োজন। বাস-কোচ ভাড়া নেওয়ার জন্য স্থানীয় পরিবহন মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য কোনো গাড়ি দিতে অপারগতা জানান। এর কারণ জানতে চাইলে এ ব্যাপারে পুলিশের অলিখিত নিষেধাজ্ঞা আছে বলে তাঁকে জানানো হয়।সাইফুল ইসলাম বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এ ধরনের নিষেধাজ্ঞা রাজনৈতিক অধিকার পালনের পরিপন্থী। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে পুলিশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন সিকদার কোনো নিষেধাজ্ঞা দেওয়ার কথা অস্বীকার করে আজ বিকেলে প্রথম আলোকে বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, তার জন্য পুলিশ সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখছে।