নিষ্কাশন নালা উন্নয়নে গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বক্স কালভার্টের ভেতরে কী আছে জানেন? লেপ-তোশক, হাড্ডি, বালুর বস্তা, ইট, পলিথিন, পাথর, আরও কত কী! পানি আটকায়্যা থাকব না তো কি গড়গড়াইয়া যাইব?’ দিন কয়েক আগে বলছিলেন ফকিরেরপুলের নতুন রাস্তার ধারের পানের দোকানি জহিরুল হক। সেগুনবাগিচা বক্স কালভার্ট সম্পর্কে তাঁর এমন মন্তব্য। কিছু সময় ভারীবৃষ্টি হলেই কালভার্টের আশপাশের সব রাস্তা ডুবে যায় বলে তিনি জানান।পানি নিষ্কাশনের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে বাস্তবভিত্তিক উদ্যোগের অভাব রয়েছে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) এবং ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই সেগুলো কোনো কাজে আসছে না। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ছে নগরের অনেক এলাকা।অবরুদ্ধ বক্স কালভার্টঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তথ্যানুযায়ী, সেগুনবাগিচা বক্স কালভার্টে ১২ ফুট গভীরতার মধ্যে প্রায় আট ফুটই বন্ধ হয়ে আছে। বিশেষ করে, বছরের পর বছর ধরে জমা পলিথিন পাথরের মতো শক্ত হয়ে আছে। কালভার্টের বাকি পাঁচ ফুট গভীরতার পথে বৃষ্টির পানি চলাচল করছে।ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন বলেন, কালভার্টটি গভীরতায় ১২ ফুট এবং প্রস্থে ১৪ ফুট। যখন নির্মাণ করা হয়েছিল, তখন ধারণা করা হয়েছিল যে ভেতরের জায়গা যথাযথই আছে। কিন্তু গভীরতার পুরো অংশ ব্যবহার করতে না পারায় বৃষ্টি হলেই আরামবাগ, মতিঝিল, ফকিরেরপুলসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। তিনি বলেন, এলাকাগুলোর ভূ-উপরিস্থ নর্দমাপথে কালভার্টে আবর্জনা আসে। নির্মাণাধীন বাড়ির বালুও যায় কালভার্টে। এ ছাড়া পলিথিন এত শক্ত হয়ে আছে যে শক্তিশালী কাটার মেশিন ছাড়া তা কাটা সম্ভব নয়। তবে ভেতরে ঢোকার যেটুকু পথ আছে, তাতে এগোনো যাবে না। এখন ভাবা হচ্ছে, শুকনো মৌসুমে কালভার্টের পাশে গর্ত করে আস্তে আস্তে সেগুলো ভাঙা যায় কি না।সেগুনবাগিচা খালের বক্স কালভার্ট বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘বক্স কালভার্ট নির্মাণের বিষয়টি সম্পূর্ণ ভুল। এটি একটি ব্যর্থ এবং আত্মঘাতী চেষ্টা। আমাদের এখন অতীতের ভুলের মাশুল দিতে হচ্ছে।’ তবে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক দাবি করেন, সেগুনবাগিচা বক্স কালভার্টটি চালুর আগে ওই এলাকায় ভারী বৃষ্টির পর পাঁচ দিনও পানি আটকে থাকত। কালভার্ট চালুর পর তা পাঁচ ঘণ্টায় নেমে এসেছে। উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে বক্স কালভার্ট দিনে দিনে অকেজো হয়ে পড়ছে।ঢাকা ওয়াসার সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা জানালেন, নর্দমা বা কালভার্ট পরিষ্কারের জন্য প্রতিবছর যে বাজেট রাখা হয়, তার সঠিক ব্যবহার কখনোই হয় না। এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রতিবছরই কালভার্ট পরিষ্কার করা হচ্ছে।এদিকে ধোলাইখাল ভরাট করে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ দয়াগঞ্জ বক্স কালভার্ট নির্মাণ করে ডিসিসি। এর ওপর তৈরি হয় রাস্তা। কালভার্ট ও রাস্তা নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮৮ কোটি টাকা।২০০৫ সালে ওই কালভার্ট চালুর পরও এলাকার জলাবদ্ধতা কমেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ ফুট গভীরতার ওই কালভার্টের নিচে জমে আছে প্রায় চার ফুট বর্জ্য। ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, তাঁদের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে যতটা সম্ভব কালভার্ট পরিষ্কার করা হয়। তবে অতীতে জমে থাকা বর্জ্য ভেতরে জমাট বেঁধে কঠিন স্তর তৈরি হয়ে থাকতে পারে।উন্নয়নকাজে বৈষম্যখোঁজ নিয়ে জানা গেছে, নগরের যেসব স্থানে বেশি জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ওঠে, সেসব স্থানকে অগ্রাধিকার না দিয়ে চলতি বছর ড্রেনেজ লাইন করা হয়েছে মিরপুরের মাজার রোড, মোহাম্মদপুরের শংকরসহ বেশ কয়েকটি অগুরুত্বপূর্ণ এলাকায়।অথচ মৌচাক-মালিবাগ এলাকায় গত সপ্তাহের বৃষ্টিতে হাঁটুর ওপরে পানি জমেছে। সেখানে রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। রূপসী বাংলা হোটেলের (সাবেক শেরাটন হোটেল) সামনের সড়কে জমে থাকে পানি। আওয়ামী লীগ সরকারের আগের আমলে (১৯৯৬-২০০১) ছয় কোটি টাকা খরচ করে শান্তিনগর এলাকার রাস্তা উঁচু করা হলেও দুই ধারে নিষ্কাশনের পর্যাপ্ত পাইপ লাইন না দেওয়ায় বৃষ্টি হলেও শাহজাহানপুরসহ আশপাশের এলাকা ডুবে যায়। কিন্তু এসব এলাকার পানি নিষ্কাশন নালা উন্নয়নে ঢাকা ওয়াসার দৃষ্টি নেই বলে অভিযোগ রয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিমানবন্দর সড়কে এখন আর জলাবদ্ধতা হয় না। কারণ সেখানে গত বছর জরুরিভিত্তিতে বৃষ্টির পানি প্রবাহের লাইন তৈরি করা হয়েছে। কিন্তু পাশের মণিপুরিপাড়ায় সেই লাইন সম্প্রসারণ করা হয়নি। বৃষ্টি হলেই ওই এলাকা তলিয়ে যাচ্ছে। এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পর্যায়ক্রমে সব এলাকার পানি নিষ্কাশন নালার কাজ করা হবে।ডিসিসি বনাম ওয়াসাআবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৯ আগস্ট ঢাকায় ৫৬ মিলিমিটার ও পরদিন ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওই দুদিনে কাজীপাড়া, শেওড়াপাড়া, মণিপুরের অলিগলি ও রোকেয়া সরণি জলাবদ্ধ হয়ে পড়ে, যাতে অনেক বাসাবাড়ি ও দোকানপাটের নিচতলা তলিয়ে যায়। পানি নিষ্কাশনের নালা বড় না করায় বছরের পর বছর ওই সব এলাকায় জলাবদ্ধতা হচ্ছে।ঢাকা ওয়াসার প্রতিবছরের অভিযোগ, নগরের ডিসিসির ভূ-উপরিস্থ প্রায় আড়াই হাজার নর্দমার (সারফেস ড্রেনেজ লাইন) বেশির ভাগই পরিষ্কার করা হয় না। এ কারণে ওয়াসার ড্রেনেজ লাইন বা নিষ্কাশন নালা-নর্দমাও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকার বেশির ভাগ এলাকার নর্দমায় পলিথিন, জালি, ইট, পাথর, বিভিন্ন মৌসুমি ফলের খোসা জমে থাকছে। ডিসিসি সময়মতো পরিষ্কার না করায় সেগুলো ওয়াসার ড্রেনেজ লাইনে গিয়ে পড়ে। এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন বলেন, ডিসিসিকে এ বিষয়ে আগের মতো এবারও চিঠি দেওয়া হয়েছে; তাতে তাদের টনক নড়েনি। তবে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা দাবি করেন, ডিসিসি এবারও তাদের ড্রেনেজ লাইন পরিষ্কার করেছে, যা এখনো চলছে। শুধু অভিযোগ না করে সবার কাজে সমন্বয় করা যায় কীভাবে, সেটা ভাবা দরকার।বাড়ছে না নিষ্কাশন নালাবৃষ্টির পানি ও গৃহস্থালির তরল বর্জ্য প্রবাহের জন্য ২০০০ সালে নগরে ঢাকা ওয়াসার ড্রেনেজ লাইন ছিল ২৬৪ কিলোমিটার। এখন আছে ২৯০ কিলোমিটার। এই ১১ বছরে ড্রেনেজ লাইন বেড়েছে মাত্র ২৬ কিলোমিটার। সেগুনবাগিচা ও ধোলাইখালের বক্স কালভার্ট ধরলে আরও যোগ হয়েছে ১১ কিলোমিটার। প্রাকৃতিক খাল বিলীন হওয়ার পর এখন ১৩টি খালের আংশিক সচল আছে। এ অবস্থায় ঘণ্টায় ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে নগরে জলাবদ্ধতা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের স্বীকারোক্তি, ‘প্রয়োজনের তুলনায় নগরে ড্রেনেজ লাইন রয়েছে অনেক কম।’