নিষ্ক্রিয় থাকলে সিরিয়ায় গণহত্যা বাড়বে: মুন
নিষ্ক্রিয় থাকা মানে সিরিয়ায় আরও গণহত্যা চালানোর অনুমতি দেওয়া। এ জন্য দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ দাবি করেছেন সংস্থার মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে। গতকাল মানবাধিকারকর্মীরা দাবি করেন, সিরিয়ার হামা প্রদেশের ত্রেমসেহ গ্রামে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। সেখানে প্রায় ২০০ জন নিহত হয়েছে। হত্যাকাণ্ডের জন্য জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান এবং সিরিয়ার মিত্র ইরান ও রাশিয়ার নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে সিরিয়ার সরকারবিরোধীরা।এ ঘটনার পরিপ্রেক্ষিতে বান কি মুন সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন। সিরিয়া প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রুত যৌথ ও জোরালো পদক্ষেপ নিতে আমি সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। সিরিয়ায় যেসব বেদনাদায়ক খবর প্রকাশিত হচ্ছে, তা পুরোপুরি বন্ধ করতে হবে।’বান কি মুন সতর্ক করে বলেন, সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের ব্যর্থতা দেশটির কর্তৃপক্ষকে ভবিষ্যতে আরও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার অনুমোদন দেবে। সিরিয়া বিষয়ে আরব লিগের বিশেষ দূত কফি আনানও হত্যাযজ্ঞ বন্ধে দেশটির কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান শুরুর পর দেশটিতে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ।