কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাত বছর ধরে চলছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। তিনিও পেশাগত কাজে বেশি সময় দেন। এদিকে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জেলায় দলের নেতা-কর্মীরা বর্তমানে কয়েক ভাগে বিভক্ত। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে তীব্র হতাশা। দলীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম মোজাম্মেল হকের মৃত্যু হয়। তখন দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান এ কে আহমদ হোসেন। স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের কোন্দল রয়েছে। এ ছাড়া শহর আওয়ামী লীগে রয়েছে দুটি কমিটি। এর একটির নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। অন্যটির নেতৃত্বে আছেন জেলা কমিটির সদস্য রাশেদুল ইসলাম।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা বলেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আইন পেশা নিয়ে ব্যস্ত থাকেন। সাধারণ সম্পাদক বেশির ভাগ সময় ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন ঢাকা ও চট্টগ্রামে। ফলে শহরের কার্যক্রম চলে পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে।কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই অন্য কাজে বেশি ব্যস্ত থাকায় দলের কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে না। এই নিষ্ক্রিয় কমিটি বাতিল করে তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে নতুন কমিটি করতে হবে। এটা যত দ্রুত করা যাবে, দলের জন্য তত মঙ্গল হবে। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল হক বলেন, জেলা কমিটির নেতাদের মধ্যে কোন্দল লেগেই থাকে। এ কারণে গণজোয়ারের মধ্যেও (বিগত জাতীয় সংসদ নির্বাচনে) জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হন।জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বর্তমানে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা ও ৭৪ ইউনিয়নে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি আছে। তবে কোন্দলের কারণে সবটিই নিষ্ক্রিয়। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সাইদী অভিযোগ করে বলেন, ‘জেলার নেতারা দলের তৃণমূলের নেতাদের খোঁজ রাখেন না। জেলা কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা টাকা ছাড়া কিছুই করেন না।’ তিনি আরও বলেন, ‘দলের বর্তমান অবস্থা দেখলে মনে হয়, এখনো আমরা বিরোধী দলে আছি।’ রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বলেন, জেলার বর্তমান কমিটির নেতাদের পরিবর্তন করা না হলে ভবিষ্যতে দলের অবস্থা শোচনীয় হবে। তখন জেলার সব কটি আসনই আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাবে। দলীয় সূত্র জানায়, গত বছরের (২০১০) ২২ মার্চ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সন্মেলন হয়। এতে তৃণমূলের নেতারা দলকে চাঙা ও সক্রিয় করতে জেলা কমিটির বর্তমান নেতৃত্ব পরিবর্তনের তাগিদ দেন। দলের কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন গত বছরের মার্চ মাসে কক্সবাজার সফরে এসে কোন্দল প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, ‘কক্সবাজার কেন বিএনপি-জামায়াতের শক্ত ঘাঁটি তা সরেজমিনে দেখতে এসেছি। দেশে তিন জেলায় দলের নাজুক অবস্থা। এগুলো হলো কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুর। এসব জেলায় আওয়ামী লীগের শক্ত কমিটি আছে, সাংগঠনিক তৎপরতাও ভালো। কিন্তু নির্বাচনের পর বিজয়ের পতাকা ওড়ায় বিএনপি-জামায়াত। কেন এমন হয় তা খতিয়ে দেখে যোগ্য নেতৃত্ব নিয়ে জেলা কমিটি করা হবে।’ চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রেজাউল করিম বলেন, জেলা আওয়ামী লীগের মূল নেতৃত্বে পরিবর্তন দরকার। তৃণমূলের নেতারা চান, ত্যাগী ও যোগ্য তরুণ নেতৃত্ব দল পরিচালনার দায়িত্বে আসুক। কিন্তু সেই সুযোগ খুব ক্ষীণ। কোন্দল আর নিষ্ক্রিয়তা প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমার গতিশীল নেতৃত্বে দল সক্রিয় রয়েছে। তবে বড় দল হিসেবে আওয়ামী লীগে কোন্দল থাকতেই পারে।’ সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, দলে কোনো বিভেদ নেই। তবে নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে।