নিষ্ক্রিয় বিএনপি, নিরুত্তাপ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢিলেঢালাভাবে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে বিএনপি ও জামায়াতের ডাকা ১১ ঘণ্টার হরতাল। ঢাকার রাজপথে দল দুটির নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল একেবারে নগণ্য। তবে হরতালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ নিয়ে রাস্তায় সক্রিয় ছিল আওয়ামী লীগ। রাজধানীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।মহানগর পুলিশ সূত্র জানায়, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে সাজা দিয়েছেন। এদের মধ্যে তিনজনকে এক বছর করে এবং দুজনকে দুই মাস করে সাজা দেওয়া হয়। সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ ও মাদারীপুরের কালকিনি উপজেলায় ১৪টি যানবাহন ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। রাজশাহী ও খাগড়াছড়ির দীঘিনালায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।ঢাকার বাইরে যানবাহন ভাঙচুর, চলাচলে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বিএনপি ও জামায়াতের ৫৮ নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়াসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এর মধ্যে যশোর শহরে বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মারধর করেছেন শহর বিএনপির নেতা পৌরসভা মেয়রকে। প্রতিবাদে কাল শনিবার যশোর শহরে আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি। দেশের অন্যান্য জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল ছিল নিরুত্তাপ। ঢাকার চিত্র: হরতালের আগের রাতে বিএনপির সূত্রগুলো জানিয়েছিল, রাজধানীর ৩৭টি স্থানে নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করবেন। সেভাবে সংশ্লিষ্ট নেতাদেরও জানিয়ে দেওয়া হয়। কিন্তু গতকাল এই ৩৭ স্থানের বেশির ভাগে বিএনপির কাউকে দেখা যায়নি। কয়েকটি স্থানে কয়েকজন নেতার উপস্থিতি ছিল, তবে তা-ও অল্প সময়ের জন্য।হরতালে জামায়াত-শিবিরকে রাজপথে চোখে পড়েনি। তারা চোরাগোপ্তা কয়েকটি মিছিল করেছে। এ সময় পুলিশ দলটির ২৬ জন নেতা-কর্মীকে আটক করে।প্রধান বিরোধী দল বিএনপি সিএনজি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল ডাকে। জামায়াত মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ এবং দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের মুক্তির দাবি যুক্ত করে একই দিন হরতাল আহ্বান করে। এর আগে গত সোমবার জামায়াত-শিবির ঢাকার কাকরাইল-বিজয়নগর এলাকায় পুলিশের ওপর ‘স্মরণকালের সবচেয়ে বড় ও পরিকল্পিত হামলা চালায়’ এবং ব্যাপক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই হঠাৎ উত্তপ্ত পরিস্থিতিতে হরতাল ডাকা নিয়ে সরকার কঠোর প্রস্তুতির কথা জানায় এবং অনেক দিন পর আওয়ামী লীগও কর্মীদের হরতালে সক্রিয় থাকার নির্দেশ দেয়।হরতালে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে বিএনপি কাল শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। হরতালে রাজধানীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। দূরপাল্লার বাসগুলো টার্মিনাল ছেড়ে যায়নি। তবে রাজধানীর প্রায় সব সড়কে যানবাহন চলাচল করেছে। সচিবালয়সহ সরকারি ও বেসরকারি অফিস এবং রপ্তানিমুখী শিল্পকারখানা খোলা ছিল। সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক। সব তফসিলি ব্যাংক খোলা ছিল। যাত্রী কম থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সদরঘাট থেকে দূরপাল্লার কিছু লঞ্চ ভোরে ছেড়ে গেছে।দিনব্যাপী হরতালে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। বিএনপির সাংসদেরা সংসদ ভবন এলাকায় মিছিল করেছেন। মহিলা দলের কয়েকজনের একটি মিছিল হয়েছে মালিবাগ এলাকায়। বিএনপির নেতা-কর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।তবে হরতালের পর সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে, হরতালের আগে ও হরতালের দিন সারা দেশে তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং আহত প্রায় সাড়ে ৪০০। ঢাকায় গ্রেপ্তার ১৩০ ও আহত দেড় শতাধিক। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ৫০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন।রাজপথে ছিলেন না বিএনপির নেতারা: বিএনপির নেতা-কর্মীদের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, মহাখালী, শাহবাগ, সংসদ ভবন এলাকা, শাহজাহানপুর, হাইকোর্ট চত্বর ও মালিবাগ এলাকায় দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।মহাখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফাসহ ১০-১২ জন কিছু সময়ের জন্য ছিলেন। পুলিশের উপস্থিতি দেখে তাঁদের কেউ কেউ মহাখালীর সিটিসেল কার্যালয়ে ঢুকে পড়েন। সংসদ ভবনের টানেলে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে সাংসদেরা মিছিল করেন। খিলগাঁওয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কিছু অনুসারীকে জড়ো হতে দেখা গেছে। তা ছিল খুব কম সময়ের জন্য। হাইকোর্ট চত্বরে অবস্থান করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ইসলামিক লইয়ার্স কাউন্সিল। তারা চত্বর থেকে বেরোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নিম্ন আদালতের বিএনপি-সমর্থক আইনজীবীরা মিছিল করেছেন। শাঁখারীবাজারে ছাত্রদল একটি মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।তবে বিএনপি দাবি করেছে, তাদের নেতা-কর্মীরা রাজধানীর কারওয়ান বাজার, সূত্রাপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ধোলাইখাল, আদাবর, বাড্ডা ও শেরেবাংলা নগর এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসব এলাকা থেকে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। মির্জা ফখরুল হরতালকে সফল বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। এটা জনগণের ইস্যু। তারাই তা পালন করেছে। তবে পুলিশ সেই শান্তিপূর্ণ হরতালেও বাধার সৃষ্টি করছে।দলীয় কার্যালয়ের সামনে নজরুল ইসলাম খান রাস্তায় না নামা প্রসঙ্গে বলেন, ‘আমাদের (বিরোধী দল) জন্য মাত্র দেড় ফুট গণতন্ত্র বরাদ্দ করা হয়েছে। এ জন্য কার্যালয়ের সামনে আমরা মাত্র দেড় ফুট যেতে পারছি।’ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে রমনা পার্কের অস্তাচল গেট থেকে একটি মিছিল বের হলে পুলিশের বাধায় সেটি পণ্ড হয়ে যায়। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। কয়েকজন নেতা-কর্মী আহত হন।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রশিদের নেতৃত্বে একটি অংশ ফকিরাপুল এলাকায় সকাল ১০টায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।জামায়াত-শিবির মিলেমিশে: জামায়াত ও শিবির একসঙ্গে রাজধানীর সাতটি স্থানে মিছিল করেছে। পুলিশের নজর এড়াতে চারটি জায়গায় জামায়াত-শিবির সকাল ছয়টায় ও তিন জায়গায় সকাল সাড়ে আটটা থেকে ১০টায় চোরাগোপ্তা মিছিল করে।সকাল ১০টার দিকে জামায়াত ও ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের কাছ থেকে মিছিল বের করেন। নেতৃত্বে ছিলেন জামায়াতের ঢাকা মহানগর নেতা ফরিদ হোসাইন। মিছিলটি দৈনিক বাংলা মোড় পার হয়ে শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইয়াছিন আরাফাতসহ চারজনকে আটক করে।এ ছাড়া রামপুরা থেকে জামায়াত-শিবিরের চারজনকে আটক করা হয়। খিলগাঁওয়ের তিলপাপাড়া, গোলাপবাগের ধলপুর, মিরপুরের ১০ নম্বর, পুরান ঢাকার আগা সাদেক রোড ও মহাখালী বাজার এলাকা থেকে মিছিল বের করে জামায়াত। ভ্রাম্যমাণ আদালতের সাজা: পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে যান চলাচলে বাধা ও যানবাহন ভাঙচুরের চেষ্টা করা হলে ইয়াছিন (২৫) ও ইউসুফ আলী (২৮) নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। পশ্চিম রামপুরা ডিআইটি রোডে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ইউসুফ মজুমদারকে (৩৫) আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। রামপুরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, ইউসুফ মজুমদার রামপুরা থানা জামায়াতে ইসলামীর রোকন।পল্টন কালভার্ট রোডে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে শাহাদত (৩০) ও নাসির (৩২) নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, দণ্ড পাওয়া দুজন ছাত্রদলের কর্মী।আওয়ামী লীগ সক্রিয়: রাজপথে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় নেতা-কর্মীরা ছিলেন সক্রিয়। আওয়ামী লীগ একটি সমাবেশ ও বেশ কয়েকটি মিছিল করেছে। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে। পুরান ঢাকার লালবাগেও আওয়ামী লীগ মিছিল করেছে। সেখানকার দোকানপাটও খোলা থাকতে দেখা গেছে। কবি নজরুল কলেজ ছাত্রলীগ, জগন্নাথ কলেজ ছাত্রলীগ এবং বংশাল ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করেছে।বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ হরতালবিরোধী সমাবেশ করেছে। সেখানে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির এই হরতাল অকারণে। এটা জনভোগান্তি বাড়িয়েছে।