নিষ্ঠুরতা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক খণ্ড খাসজমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের তিন বছর ১০ মাস বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী। আজ শনিবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার নরিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ফাহমিদা খাতুন। শিশুটির বাবার নাম জিয়াউর রহমান ওরফে নয়ন।পুলিশ জানিয়েছে, বাড়ির বাইরে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী আমজাদ হোসেন (৪০) তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাইফুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে আসার পথেই মারা গেছে। তার চোখের ওপর এমনভাবে কোপ দেওয়া হয়েছে যে তার বাঁচার সম্ভাবনা ছিল না।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শিশুটির বাবার সঙ্গে আমজাদের একটি খাসজমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ক্ষোভের জের ধরেই সুযোগ বুঝে আমজাদ শিশুটিকে ঠান্ডা মাথায় কুপিয়েছে। পরে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। তিনি বলেন, আমজাদ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহত অবস্থায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।