নিষ্ঠুরতার পর নিরাপত্তার হুমকিতে গৃহকর্মী হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তার বাসায় নিষ্ঠুর নির্যাতনের পর এবার নিরাপত্তার সমস্যায় পড়েছে গৃহকর্মী হাসিনা ও তার পরিবার। কিছু অপরিচিত লোক গতকাল সোমবার ফেনী সদর হাসপাতাল থেকে শিশুটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এই অবস্থায় শিশুটির যথাযথ নিরাপত্তা চেয়ে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) ফেনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আসক শিশুটিকে ঢাকায় এনে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিলেও পথের নিরাপত্তা সমস্যার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। স্থানীয় পুলিশ শুধু ফেনী জেলার সীমানা পর্যন্ত নিরাপত্তা দেওয়া সম্ভব বলে জানালে আসক শিশুটিকে ঢাকায় আনার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।‘এ কেমন নিষ্ঠুরতা!’ শিরোনামে গতকাল প্রথম আলোয় ১১ বছরের হাসিনার ওপর গৃহকর্ত্রীর নিষ্ঠুর নির্যাতনের সংবাদ পড়ে অনেকে শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তাঁদের মধ্যে ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফেনীর ব্র্যাকের একজন প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য লোকজন ছিলেন।গৃহকর্মী হাসিনার বোন কুলসুম প্রথম আলোকে জানান, গতকাল যাঁর বাসায় হাসিনা নিষ্ঠুরতার শিকার হয়েছিল, সেই মেজরের পরিবারের পক্ষ থেকে দুজন অজ্ঞাতপরিচয় লোক এসে তাঁদের এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব করে। তারা হাসিনাকে ফেনী সদর হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে চিকিৎসা দেওয়ার প্রস্তাব দিয়ে এ বিষয়ে সাংবাদিকসহ অন্য কারও সঙ্গে নির্যাতনের বিষয়ে কথা বলতে বারণ করে। তারা কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করে আবার আসবে বলে চলে যায়।আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, প্রথমে স্থানীয় সূত্রে তাঁরা জানতে পারেন, ঢাকা সেনানিবাসে জনৈক সেনা কর্মকর্তার বাসায় তাঁর স্ত্রীর দ্বারা ১১ বছরের এক গৃহকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর আহত ওই গৃহকর্মী ফেনী হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরে গণমাধ্যমেও এ খবর প্রকাশ পায়। ঘটনাটি সরেজমিনে দেখতে তাৎক্ষণিকভাবে আসক একজন প্রতিনিধি পাঠায় ফেনীতে। আসকের কর্মী সেখানে গিয়ে নির্যাতিত গৃহকর্মী হাসিনা ও তাঁর বোনের সঙ্গে কথা বলেন। তাঁর বোন আসকের কাছে হাসিনার পচন ধরা শরীরের উন্নত চিকিৎসা ও আইনি সহায়তার জন্য আবেদন করে। এই অবস্থায় আসক নির্যাতিত শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করার এবং আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়। এর মধ্যে ফেনীতে আসা আসকের কর্মী জানতে পারেন, রোববার রাত থেকেই হাসপাতালে নির্যাতিত গৃহকর্মীর ওয়ার্ডে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা শুরু হয়। ওই লোকজন মেয়েটির সঙ্গে থাকা বোনকে সমঝোতার প্রস্তাব দেয়। মেয়েটিকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ পাওয়া যায়।আসকের পরিচালক জানান, এই অবস্থায় আসকের পক্ষ থেকে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য রোববার রাতেই ফেনী সদর থানায় সাধারণ ডায়েরি করা হয় (নং-৫৩২)। একই সঙ্গে মেয়েটিকে ফেনী থেকে ঢাকায় আনার পথে নিরাপত্তা দেওয়ার জন্য আসকের পক্ষ থেকে ফেনীর পুলিশ সুপার ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সুপার নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। মো. নূর খান বলেন, গতকাল মেয়েটিকে ঢাকায় আনার জন্য ফেনী হাসপাতালে ছাড়পত্রও তৈরি হয়েছিল। ওই অবস্থায় যোগাযোগ করলে ফেনীর পুলিশ সুপার আসককে বলেন, তিনি শুধু ফেনীর সীমানা পর্যন্ত নিরাপত্তা দিতে পারবেন। বাকি পথের জন্য তিনি কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। কিন্তু সময়স্বল্পতার কারণে গতকাল কুমিল্লা পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তা ছাড়া গতকালও হাসপাতালে রহস্যজনক লোকদের আনাগোনা ছিল। এমনকি হাসপাতালের চিকিৎসকের মোবাইলে ফোন করে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে খোঁজখবর নেওয়া হয়। ওই ফোনে সেখানে উপস্থিত আসকের কর্মীর সঙ্গেও ওই গোয়েন্দা কর্মকর্তা কথা বলেন এবং ওই কর্মীর নাম, পদবি, মোবাইল ফোন নম্বর, আসকের অফিসের ঠিকানা ইত্যাদি জানতে চান। এই অবস্থায় নিরাপত্তাজনিত কারণে মেয়েটিকে গতকাল আর ঢাকায় আনা সম্ভব হয়নি।জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিনা বেগম জানান, ‘দুপুরে মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে ছাড়পত্র তৈরি হয়, কিন্তু পরে আর দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমরা ঝামেলায় আছি। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি।’ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্মী হাসিনার নিরাপত্তার কোনো সমস্যা নেই। আইন ও সালিস কেন্দ্রের ফেনী থানায় দায়ের করা জিডি প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু নির্যাতনের ঘটনাস্থল ঢাকায়, সুতরাং এ ক্ষেত্রে তাঁর কিছুই করার নেই। তিনি এখন শুধু কাস্টডিয়ান (জিম্মাদার) মাত্র। তাকে (হাসিনাকে) ঢাকায় নেওয়ার জন্য তিনি শুধু ফেনী জেলার সীমানা পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। ঢাকা পর্যন্ত নিরাপত্তার জন্য আইন ও সালিস কেন্দ্রকে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।