নিষ্পাপ শিশুর এ কেমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ থাকার পাঁচ দিন পর রাজধানীর একটি বহুতল ভবনের শৌচাগার থেকে গতকাল শনিবার ১০ বছরের শিশু রিতু আক্তারের রক্তাক্ত ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।রাজধানীর ৪৫ তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ার নামের ওই বহুতল ভবনের চতুর্থ তলায় হজ এজেন্টসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। শাহবাগ থানার পুলিশ এ ঘটনায় হজ এজেন্ট প্রতিষ্ঠানের তিন পিয়নকে আটক করেছে।শিশুটির পরিবারের অভিযোগ, পুলিশের কাছে আটক ব্যক্তিরা রিতুকে ধর্ষণের পর হত্যা করেছেন। তাঁরা রাতে অফিসকক্ষে থাকতেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল প্রথম আলোকে জানান, ঘটনাটি হত্যাকাণ্ড। শিশুটি ধর্ষণের শিকার হতে পারে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, লাশটিতে পচন ধরে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।মর্গ সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজিরউদ্দিন রিতুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, ১৪ জানুয়ারি দিবাগত রাতের যেকোনো সময় অজ্ঞাত লোকেরা রিতুকে হত্যা বা ধর্ষণ করে বাথরুমে ফেলে রেখেছে।কয়েক দিন ধরে সারা দেশে ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও অ্যাসিড নিক্ষেপের একাধিক ঘটনা ঘটছে। এ থেকে শিশুরাও রক্ষা পাচ্ছে না। ৫ জানুয়ারি মিরপুর ১ নম্বর সেকশনে ১০ বছরের শিশু ফারজানার লাশ উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। আবার ১৩ জানুয়ারি রাজবাড়ীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া এক তরুণ একই শিশুকে ধর্ষণ ও হত্যা করে। শিশুটির বয়স ছিল মাত্র পাঁচ। এরপর গতকাল জানা গেল আরেকটি নৃশংস ও নির্মম ঘটনা।শাহবাগ থানার সূত্র জানায়, গতকাল বেলা ১১টার পর ট্রপিকানা টাওয়ারের চতুর্থ তলার শৌচাগারে লাশ পড়ে থাকার কথা জানানো হয়। তিনটার দিকে পুলিশ বাথরুমের মেঝে থেকে রিতুর রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করে। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ ও আলামত সংগ্রহ করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে হজ এজেন্ট প্রতিষ্ঠান—এয়ার পিস ট্রাভেল এজেন্সির পিয়ন সেলিম বিশ্বাস, হোয়াইট রোজ লিমিটেডের গোলাম মোস্তফা ও আল নাসের অ্যাভিয়েশন সার্ভিসের নজরুল ইসলামকে আটক করেছে।রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম বলেন, আটক তিন ব্যক্তিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে।মা ও বোনদের সঙ্গে রিতুরা থাকত সেগুনবাগিচায়। খুনের খবর ছড়িয়ে পড়লে সেগুনবাগিচার বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। খুনিদের ফাঁসির দাবিতে পল্টন মোড়সংলগ্ন বিজয়নগরের পশ্চিম পাশের রাস্তার একাংশ অবরোধ করে রাখে তারা। সঙ্গে যোগ দেন তোপখানা এলাকার অনেক নারী-পুরুষ। এ সময় স্লোগান দেওয়া হয়, ‘শিশু খুনির ফাঁসি চাই দিতে হবে’। বিকেল সোয়া চারটার সময় রিতুর লাশ মর্গে নেওয়া পর্যন্ত বিক্ষোভ চলে। তখন পর্যন্ত সড়কটির যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ খুনির শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যায়।রিতুর মা পুরানা পল্টনের রাস্তার ওপর মেয়ের জন্য দীর্ঘ সময় ধরে বিলাপ করেছেন। তিনি বলেন, পাঁচ বছর আগে তাঁর স্বামী লিভার-সংক্রান্ত রোগে মারা গেছেন। এরপর তিনি তিন মেয়ে ও এক ছেলেকে আগলে রেখে বেঁচে থাকার সংগ্রাম শুরু করেন। সন্তানদের নিয়ে তিনি সেগুনবাগিচায় ছোট্ট একটি টিনের ঘর ভাড়া নেন। রিতু সেগুনবাগিচার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। টাকার অভাবে এক বছর আগে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তিনি বিভিন্ন মেস ও অফিসের কর্মীদের কাছে ভাত-তরকারি বিক্রি করেন। এই আয় দিয়েই সংসার চলত। রিতুর মা জানান, ট্রপিকানা টাওয়ারের হজ এজেন্টের তিন পিয়ন মোস্তফা, নজরুল, সেলিম ও আরেকজনের কাছে দুপুর ও রাতে ভাত-তরকারি বিক্রি করতেন তিনি।প্রতিদিনের মতো ১৪ জানুয়ারি (সোমবার) দুপুরে তিনিই টিফিন বাক্সে ভাত-তরকারি দিয়ে আসেন। বিকেল পাঁচটার দিকে রিতুকে বাটিগুলো আনতে পাঠান। কিন্তু রিতু আর ফেরেনি। রিতুর মা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। তিনি জানান, ওই দিন রাতেই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মেয়ের খোঁজ পেতে মাইকিংও করা হয়। মেয়েকে উদ্ধারে পুলিশের কাছেও ধরনা দিয়েছেন। পত্রিকায় খবর ছাপিয়েছিলেন। কিন্তু ফিরে পাননি। গতকাল সকালে পল্টন মোড়ের এক মুচি এসে ট্রপিকানা টাওয়ারে লাশ পাওয়ার কথা জানান। এরপর ছুটে গিয়ে দেখেন, তাঁর মেয়ের লাশ মেঝেতে পড়ে আছে।মাকে ঘিরে রিতুর দুই বোন ও এক ভাই এবং স্বজনেরা আহাজারি করেন। এ সময় পুলিশ রাস্তা থেকে তাঁদের সরে যেতে বললে পুলিশকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘আগে আমাগো মাইয়া ফিরাইয়া দেন। মাইয়া ফেরত না পাইলে রাস্তা ছাড়ুম না।’কান্নাজড়িত কণ্ঠে রিতুর বোন অভিযোগ করে বলে, থানায় জিডি করা হলেও পুলিশ রিতুকে উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি। পুলিশ তদন্ত করলে হয়তো রিতুকে জীবিত পাওয়া যেত। বরং পুলিশ বলেছে, ‘খোঁজ পেলে আমাদের জানাইয়েন।’রিতুর মা প্রথম আলোকে বলেন, ‘আমার বুক খালি করেছে, আমি ওদের মায়ের বুক খালি চাই। ওদের ফাঁসি দিতে হবে।’ রিতুর খালা বলেন, ‘একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কারও বিচার হয় না। দেশটার কী হলো?’গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, ট্রপিকানা টাওয়ারের চতুর্থ তলায় উৎসুক লোকজনের ভিড়। উৎকট গন্ধে তারা নাকে রুমাল ধরে আছে। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল পায়ের ছাপ ও আলামত সংগ্রহ করছে। চতুর্থ তলায় ছয়টি হজ এজেন্ট ছাড়াও অন্য প্রতিষ্ঠানেরও কার্যালয় আছে। ওই তলায় আছে একাধিক শৌচাগার।যে শৌচাগার থেকে রিতার লাশ উদ্ধার করা হয়, এর উল্টো দিকে ক্রিসেন্ট ডেভেলপার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম জহিরুল করিম প্রথম আলোকে বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে চতুর্থ তলার সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। গতকাল অফিসে ঢোকার পর তিনি দুর্গন্ধ পান। বৃহস্পতিবার বিকেলে তিনি ওই শৌচাগার ব্যবহার করেছেন। তখন শৌচাগারে অস্বাভাবিক কিছু দেখেননি।খুনের ঘটনা কোথায় ঘটেছে, জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিল বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থায় মনে হয়, ওই শৌচাগারেই খুন হয়েছে। বাইরে খুন হলে শৌচাগারে রক্ত জমাট বেঁধে যাওয়ার কথা নয়। বিষয়টি একটু রহস্যজনক।’হজ এজেন্ট প্রতিষ্ঠান হোয়াইট রোজের মালিক মেহেদি হাসান বলেন, পুলিশের হাতে আটক মোস্তফা তাঁর প্রতিষ্ঠানের পিয়ন, রাতে ওই পিয়ন অফিসকক্ষে ঘুমান। গতকাল সকাল ১০টার দিকে অফিসে ঢোকার সময় তিনি গন্ধ পান। তখন মোস্তফাকে স্প্রে করতে বলেন। মোস্তফা জানান, বাথরুমে একটি লাশ পড়ে আছে। পরে তা শাহবাগ থানায় জানানো হয়।হজ এজেন্ট এয়ার পিস ট্রাভেলের নির্বাহী গোলাম মাসুদ বলেন, আটক সেলিম এ প্রতিষ্ঠানের পিয়ন ও রাতে তিনি অফিসকক্ষে ঘুমান। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার লোহাগড়ায়। যে শৌচাগার থেকে লাশ উদ্ধার করা হয়েছে, এর দরজার চাবি থাকে প্রত্যেক কর্মীর কাছে। আল নাসের অ্যাভিয়েশন সার্ভিসের অফিসে কাউকে পাওয়া যায়নি।