নিসর্গ ও বাস্তবতায় আমাদের বন্ধুতা
নদীর পাড়ে প্রাচীন বটগাছ। অদূরে নদী পার হচ্ছে একদল মানুষ। নদী ভাঙতে ভাঙতে একেবারে বটগাছের কাছাকাছি। পাড় ঘেঁষে চলে গেছে কাঁচা রাস্তা। সেখানে মহিষের গাড়ি। অ্যাক্রিলিকে আঁকা এই ছবির নাম ‘গড়াইয়ের সৌন্দর্য’। গ্রামবাংলার এমন অনেক নয়নাভিরাম নিসর্গদৃশ্য রয়েছে ‘আমাদের বন্ধুতা’ নামের প্রদর্শনীতে। ঢাকা আর্ট সেন্টারে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এই দলীয় প্রদর্শনী।বিকেলে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য্য।এই যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন আবেদুর রহমান, এ এস এম আফতাব হোসেন, বীথিকা সাহা চৌধুরী, এহসান প্রতীক, মাহবুব হাসান, মহিউদ্দিন আহমেদ, রেজাউল হক, রফিকুল আলম, সামছুল আরেফিন ও উত্তম কুমার সাহা চৌধুরী। শিল্পীরা খুলনা আর্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। মোট ৩৫টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। উপস্থাপিত কাজগুলোর নানা ধরনের শৈলী এবং বৈশিষ্ট্য মিলে প্রদর্শনীটি একটি কোলাজ মাত্রা পেয়েছে। ‘ডেস্ট্রয়’ নামের চিত্রকর্মে আবেদুর রহমান পরিমিত রঙের ব্যবহারে কিছুটা বাস্তবধর্মীভাবে ভঙ্গুর বস্তুকে উপস্থাপন করেছেন। আফতাব হোসেন ‘কম্পোজিশন’-এ জ্যামিতিক ফর্মে কাজ করেছেন। এক ধরনের স্থাপত্য নক্শার রূপায়ণ করতে চেয়েছেন তিনি ক্যানভাসে। মহিউদ্দিন নিসর্গ দৃশ্য ও নগরচিত্র নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁর কাজে রঙের ব্যবহারেও প্রকৃতির প্রভাব স্পষ্ট। নীল-খয়েরি-কালচে রঙের প্রাধান্য লক্ষণীয়। ‘হেড লাইন’ নামের মাহবুবের চিত্রপট বেশ বর্ণিল। নানা উজ্জ্বল রঙের ছোপের পাশাপাশি দৈনিক পত্রিকার অংশবিশেষ সেঁটে দিয়ে এক ভিন্ন মাত্রার কোলাজ আবহ তৈরি করা হয়েছে। রফিকুল আলম ক্যানভাসে ইসলামি ক্যালিগ্রাফি করেছেন। উত্তম কুমার সাহার ‘গড়াই নদী সৌন্দর্য’ ছবিটি নিসর্গদৃশ্যের রূপায়ণ। রেজাউল হকের ‘স্বপ্ন’ নামের ছবিতে প্রকৃতিই উপজীব্য। মূর্ত-বিমূর্তের মাঝামাঝি একটি চিত্রভাষাকে বেছে নিয়েছেন তিনি। জলবেষ্টিত ছায়াশীতল প্রকৃতির ওপর ভেসে উঠেছে এক নারী মূর্তি। এই যৌথ চিত্র প্রদর্শনী চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।