নিসর্গপ্রেমী পাপিয়া রানী ভৌমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮ কাজলশাহ, সিলেট। তৃতীয় তলা একটি বাড়ি। ভেতরে ঢুকলে চোখে পড়বে অসংখ্য গাছ আর বনসাই। নিচতলার বারান্দা, ঘরের ড্রয়িং রুম থেকে শুরু করে সিঁড়ি হয়ে তৃতীয় তলার ছাদ পর্যন্ত ফুল, ফল, ক্যাকটাসসহ বিভিন্ন প্রজাতির চেনা-অচেনা গাছের সমাহার। আশপাশের প্রতিবেশীরা বাড়িটির নাম দিয়েছেন ‘নার্সারি বাড়ি’। প্রকৃতির প্রেমে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বাড়িজুড়ে টবে লাগিয়েছেন প্রায় ১৪৫ প্রজাতির গাছ। আর এ গাছ ঘিরেই কাটে লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া রানী ভৌমিকের (৫৫) অবসর সময়। স্রেফ শখের বশেই এ ধরনের বাগানটি করেছেন বলে জানালেন তিনি।যেভাবে শুরু: ছোটবেলা থেকে গাছপালা আর বনসাই পাপিয়াকে কাছে টানত। বিয়ের পর সিলেট নগরের মীরাবাজার এলাকায় এক কলেজ অধ্যক্ষের বাসা ভাড়া নেন। সেই বাড়িতে প্রচুর পরিমাণে গাছগাছালি ছিল। সেসব দেখে পাপিয়া নতুন করে গাছপালা ভালোবাসতে শুরু করেন। এই বাসা ছেড়ে ১৯৮৭ সালের দিকে নগরের কাজলশাহ এলাকায় নিজের বাসায় ওঠেন। আগের ভাড়া বাসা থেকে কয়েকটি পাতাবাহারের ডাল নিয়ে এসে নিজের বাসায় লাগান। এরপর থেকে ধারাবাহিকভাবে টবে নানা ধরনের গাছ আর বনসাই লাগাতে শুরু করেন পাপিয়া।৬৫০ গাছ: পুরো বাড়িতে প্রায় ৬৫০টি গাছ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও থাইল্যান্ড, ভুটান, ভারত, নেপাল, চীন ও সিঙ্গাপুর থেকে এসব গাছ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফুল, ফল, ক্যাকটাস, ওষধি ও বনজ গাছ রয়েছে। ফুলগাছের মধ্যে শিউলি, করবী, গন্ধরাজ, কামিনী, হাসনাহেনা, রজনীগন্ধ্যা, দোলনচাঁপা, নয়নতারা, অপরাজিতা, গোলাপ, রঙ্গন, মাধবীলতা, দুধফুল, কুঞ্জলতা, বেলি, স্থলপদ্ম, টগর, চাইনিজ গাঁদা, নাইটকুইন, নাইন ও ক্লক, চেরি, রেডহার্ট, গ্লডিয়াস, লিলি, বাগানবিলাস, জুঁই, দোপাটি, কুণ্ড, এয়ার কন্ডিশন, মিনি রঙ্গন, নীলকণ্ঠসহ ১৮ প্রজাতির জবা ফুল উল্লেখযোগ্য। ওষধি গাছের মধ্যে তুলসি, কৃষ্ণ তুলসি, ঘৃত কুমারী, মেহেদী, দূর্বা, পুঁদিনা, থানকুনি, চিরতা, রোজন্ট, আগিজাল, আদা, হলুদ, পাথরকুচি, বাসক, নিম, অশ্বথ উল্লেখযোগ্য। ফলগাছের মধ্যে মালটা, ট্যাংফল, তেঁতুল, আম, পেয়ারা, বরই, কুল, কামরাঙা, কলা, লেবু, আনারস উল্লেখযোগ্য। বনজ গাছের মধ্যে মেহগনি, জারুল, বট, পাকুর, মুরতা উল্লেখযোগ্য।ক্যাকটাস ও অন্যান্য গাছের মধ্যে মানিপ্লান্ট, কচুরিপানা, ফণীমনসা, শতমূল, চাইনিজ বাঁশ, আলমন্ডা, মিনি আলমন্ডা, হেংগিং অর্কিড, ফাইকাস, স্পাইটার ঘাস, চাইনিজ ঘাস, জোরেন্ডা, মন্দির ঝাউ, তুজা, মিনি টগর, মেরেন্ডা, জেব্রাফান্ড, কলসপাতা, ফিল্যাক্স, লতা ঝাউ, ভিজাপাতা, স্প্রিং পাতা, ত্রিশূল পাতাবাহার, ইউকা, স্টার কুইন, কুসুম, পটলিকা, মিনি ফিল্যাক্স, এলকোশিয়া, কার্লাকুল, মুসন্ডা, পিংক মুসন্ডা, সেঞ্চুরি, জুরেন্ডা, ঝুরিপাতা বাহার, ধুতুরা, ভুট্টা ড্রেসিনা, ড্রাইফেলিয়া, রেড ড্রেসিনা, নিম দটন, এরিকা পাম, দেলি লিলি, চিত্রালি, ট্রাইগার পাতাবাহার, মরিচ জবা, আইডিন, বলসাম, ফ্রামমেরি, রেড বলসাম, মোল দোপাটি, ফার্ন, ইফবিয়া ও লাল ঘিমাই উল্লেখযোগ্য। এ আবার কী পাগলামী: পাপিয়া রানী ভৌমিকের স্বামী উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক নীরেশচন্দ্র দাশ। শুরুর দিকে স্ত্রীর এ ধরনের শখ দেখে তিনি নিরুৎসাহিত করতেন। প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে চলে গাছের পরিচর্যা, আবার বিকেলে স্কুল থেকে ফিরে একইভাবে পরিচর্যা। এটা আবার কোন ধরনের পাগলামী? গাছপালা নিয়ে সকাল-সন্ধ্যা পড়ে থাকাটা পছন্দ নয় বলে স্ত্রীকে অনেক সময় সাফ সাফ বলে দিতেন। কিন্তু পাপিয়া ছিলেন নাছোড়বান্দা। তাই অনেকটা বাধ্য হয়ে স্ত্রীর প্রকৃতিপ্রেমকে মেনে নিয়েছেন নীরেশচন্দ্র দাশ। তিনি বলেন, ‘একটা মানুষ দীর্ঘদিন ধরে নিসর্গবন্দনা করে আসছেন। এ ধরনের প্রকৃতিপ্রেম দেখে আমি এখন অভিভূত। মনে মনে ভাবি—খারাপ কী! জীবনটা তো তাঁর ভালোভাবেই কেটে যাচ্ছে। তা ছাড়া সে তো পরিবেশের উন্নয়নেও অনেকটা ভূমিকা রাখছেন।’সবুজবন্দনা: পাপিয়ার বাড়িতে মানুষজন ঢুকলেই চোখে পড়ে সারি সারি টবে সাজানো নানা প্রজাতির গাছ আর বনসাই। এসব দেখে বাড়িতে আগত মানুষ পাপিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন। আর এটাই তাঁর মূল অনুপ্রেরণা বলে পাপিয়া জানালেন। সম্প্রতি এই বাড়িতে বেড়াতে এসেছিলেন দেশের প্রখ্যাত কলামিস্ট-লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি পাপিয়ার প্রকৃতিপ্রেম দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের নিসর্গপ্রেমী মানুষ প্রতিটি বাড়িতে থাকলে দেশটাই অনেক বদলে যেত। চারদিকে থাকত শুধু সবুজের সমাহার।’আছে স্বপ্ন, আছে ভালোবাসা: পাপিয়া রানী ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘মানুষের কাছ থেকে অনেক সময় কষ্ট পাওয়া যায়। কিন্তু গাছ কখনো কষ্ট দেয় না। একবার নৈসর্গের প্রেমে পড়ে গেলে তার আকর্ষণ আর কেউ দমাতে পারবে না। এখন যদি সামান্য সময়ের জন্য বাসার বাইরে যাই, তাহলে গাছদের জন্য মন কাঁদে। বুকটা খালি খালি লাগে। গাছের জন্য একধরনের শূন্যতা অনুভব করি।’তিনি বলেন, ‘সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে একটি বিশাল বাগান করার পরিকল্পনা রয়েছে। সেই বাগানে সব প্রজাতির ফুল আর ফলের গাছের পাশাপাশি নানা ধরনের বনসাই আর বনজ গাছ লাগানো হবে। আমি এখন ওই একটি স্বপ্ন নিয়েই বেঁচে আছি। এই স্বপ্নযাত্রায় আমি সবার সহযোগিতা চাইব। সেই সঙ্গে চাইব, আমরা সবাই মিলে চারপাশে গাছপালা লাগিয়ে প্রিয় বাংলাদেশকে যেন পরিপূর্ণভাবে সবুজ-শ্যামল করে তুলতে পারি।’