নিসর্গের নান্দনিক অনুভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী আলমগীর হক দীর্ঘদিন কানাডাপ্রবাসী। ছাপচিত্রে তিনি কুশলী, তাম্রতক্ষণ ও লিথোগ্রাফে তিনি সঞ্চার করেন এক শিল্পগুণসম্পন্ন বোধ। তিনি প্রবাসে ছাপাই ছবির করণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিজস্ব এক গতিপথ নির্মাণ করেছেন। গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে তাঁর একক প্রদর্শনী।শুক্রবার বিকেলে ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক এবং এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলাদেশে কানাডার হাইকমিশনার হেদার ক্রডেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পী আলমগীর হক। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৯টি। এতে শিল্পী নিসর্গের অন্তর্নিহিত সৌন্দর্য অবলোকন করেছেন গভীর অন্তর্দৃষ্টি নিয়ে। প্রকৃতির ভেতর যে প্রাণসঞ্চারী আবেদন আছে, তা উঠে এসেছে তাঁর কাজে। কিছু কিছু ছবিতে সূক্ষ্ম অনুষঙ্গ নানাভাবে বিম্বিত হয়েছে। বিমূর্ত রীতিতে তিনি নিসর্গকে তাঁর সৃষ্টিতে ধরে রেখেছেন। প্রদর্শনী আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে।শিল্পী এ কে এম আলমগীর হক ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ) এর অঙ্কন ও চিত্রন বিভাগ থেকে বিএফএ এবং ১৯৭৯ সালে ভারতের এম এস ইউনিভার্সিটি অব বরোদা থেকে এমএফ এ ডিগ্রি লাভ করেন।