নিস্তব্ধ নুহাশপল্লী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজের ভেতর হারিয়ে যাওয়া বা নিভৃত পল্লিতে বৃষ্টির ভেতর নিজেকে লুকিয়ে ফেলার অদ্ভুত এক শখ ছিল হুমায়ূন আহমেদের। তাঁর বেশির ভাগ সময়ই কাটত নুহাশপল্লীর শাল-গজারি আর নিজ হাতে রোপণ করা বৃক্ষরাজির সঙ্গে। বৃক্ষগুলো আর পাবে না হুমায়ূনের করস্পর্শ। ইটকাঠের খাঁচায় বন্দী ঢাকা শহরে হুমায়ূন আহমেদের দম বন্ধ হয়ে আসত। তাই গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে শালবনের ভেতর তৈরি করেছিলেন এক বিশাল নন্দনকানন—নুহাশপল্লী।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। বাজার থেকে পশ্চিমে আট কিলোমিটার দূরে পিরুজালী গ্রাম। সেই গ্রামেই নুহাশপল্লী। গ্রামের ভেতরের প্রায় সবগুলো রাস্তা পিচঢালা এবং ইট বিছানো হলেও নুহাশপল্লীর রাস্তাটি একেবারেই কাঁচা। গত বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে নুহাশপল্লীর সামনে জমেছে কাদাপানি।হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর বৃহস্পতিবার মধ্যরাতেই গ্রামে পৌঁছে যায়। পিরুজালী ও আশপাশের গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত লেখকের খবর জানতে গতকাল শুক্রবার সকাল থেকেই কাদাপানি মাড়িয়ে সবাই ছোটে নুহাশপল্লীর দিকে।পিরুজালী গ্রামের ব্যবসায়ী শুকুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হুমায়ূন স্যার আমাগো গ্রামের অভিভাবক আছিল। স্যারে মরাতে আমাগো পরিবারের একটা লোক হারাইলাম।’নুহাশপল্লীর সহকারী পরিচালক নুরুল হক বলেন, ‘স্যারের বিছানাটা পরিষ্কার করে রাখা ছিল আমার দায়িত্ব।’ বিছানাটা দেখিয়ে বলেন, ‘এই খাটে স্যার আর ঘুমাবেন না।’ স্মৃতিচারণ করে নুরুল বলেন, ‘স্যার আপাদমস্তক একজন বৃক্ষপ্রেমী মানুষ ছিলেন।’নুহাশপল্লীর পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘স্যার যখনই নুহাশপল্লীতে আসতেন, তাঁর গাড়িতে দু-চারটি গাছ থাকতই। গাড়ি থেকে নেমেই ঘরে নয়, আগে তিনি বাগানে যেতেন।’মাটির কাছাকাছি থেকে শিল্পচর্চার প্রয়াসে ১৯৯৭ সালে পিরুজালীতে ৪০ বিঘা জমিতে নুহাশপল্লী গড়ে তোলেন হুমায়ূন আহমেদ। এখানে রয়েছে দুর্লভ প্রজাতির অন্তত আড়াই শ বৃক্ষ ও গুল্মজাতীয় উদ্ভিদ।যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলাকালে গত মে মাসে দেশে ফিরেছিলেন হুমায়ূন আহমেদ। ১২ মে সকালে নুহাশপল্লীতে তিনি সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন। সেখানে হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘নুহাশপল্লী আমার অনেক প্রিয় স্থান। এর মাটির প্রতিটি ইঞ্চির সঙ্গে আমার স্বপ্ন জড়িত। এটা যেন বিক্রি না হয়। এটাকে বিক্রি করা মানে আমার স্বপ্নটাকে বিক্রি করা। এটা যেন আমার ছেলেমেয়েদের মাঝে টানাটানি, ভাগাভাগির শিকার না হয়।’ তিনি বলেন, ‘আমার মৃত্যুর পর এখানে যেন আমাকে কবর দেওয়া না হয়, এটাকে যেন কবরস্থানে পরিণত করা না হয়। তবে এটাকে ট্রাস্টের মতো করা যেতে পারে, যার পরিচালনা করবে আমার ছেলেমেয়েরা।’